ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ! আগুনে ঝলসে গুরুতর জখম ৪ নাবালকসহ মোট ৭

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ। বুধবার রাতে কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায় ঘটা এই আকস্মিক বিস্ফোরণে আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন চার নাবালকসহ মোট সাতজন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঠিক কী ঘটেছিল বুধবার রাতে?
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণটি ঘটে আখিরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের টালির চালের বাড়িগুলি পর্যন্ত কেঁপে ওঠে। বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা হালিমা বিবি জানান, “আমরা ঘরেই ছিলাম, হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি ওরা সবাই পুড়ে গেছে। একটা পরিবারের সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চাও রয়েছে।” অপর এক স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, “গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনটি বাচ্চা সম্পূর্ণ পুড়ে গেছে। সম্ভবত রান্নার কাজ করার সময়ই সিলিন্ডার ব্লাস্ট করে।”

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে, না কি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *