নয়াদিল্লির প্রেস ক্লাবে বসে বড় দাবি শেখ হাসিনার! ছাত্র আন্দোলনের নেপথ্যে অন্য কোনো চাল ছিল?

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও এই প্রথমবার প্রকাশ্যে কোনো লাইভ অনুষ্ঠানে নিজের মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (Foreign Correspondents Club of South Asia) এক বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছেন যে, ২০২৪ সালে বাংলাদেশে যা ঘটেছিল, তা আদতে কোনো ‘শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন’ ছিল না।
কী বললেন শেখ হাসিনা? অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় জানান, কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন তাঁর সরকার আলোচনার দরজা খোলা রেখেছিল এবং আইনি পথেই তার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু একটি সংগঠিত গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ ছাত্রছাত্রীদের আবেগকে ব্যবহার করে এবং কোটা আন্দোলনের আড়ালে সেটি হিংসে ও সরকার পরিবর্তনের একটি রাজনৈতিক এজেন্ডায় পরিণত করে।
তাঁর অভিযোগ, কোটা সংস্কারের সরল দাবিকে রাতারাতি তাঁর পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত করা হয় এবং সুপরিকল্পিতভাবে ভুয়া প্রচার চালিয়ে দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়। ২০২৪ সালের সেই উত্তাল দিনগুলি এবং নিজের ক্ষমতাচ্যুতি নিয়ে শেখ হাসিনার এই বিস্ফোরক মন্তব্য আন্তর্জাতিক ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ফের এক নতুন জল্পনার সৃষ্টি করেছে।