রামায়ণ বিতর্কে চর্চায় বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল! তাঁর পরিচয় ও কেরিয়ারের অজানা দিক জানলে চমকে যাবেন

পরিচালক নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনেতা রণবীর কাপুরের অভিনয় করা নিয়ে ভক্তদের মধ্যে যেমন উন্মাদনা রয়েছে, তেমনই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন একঝাঁক কম পরিচিত অভিনেত্রী নিকিতা রাওয়াল। রণবীরের অতীতের একটি পুরোনো মন্তব্যকে হাতিয়ার করে তিনি যেভাবে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন এবং ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন, তারপর থেকেই সবার মনে একটাই প্রশ্ন—কে এই নিকিতা রাওয়াল?
কে এই নিকিতা রাওয়াল? নিকিতা রাওয়াল মূলত মুম্বই-ভিত্তিক একজন বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল, সফল উদ্যোক্তা তথা সমাজকর্মী। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার হট মিস্টার কুল’ ছবির মাধ্যমে রূপোলি পর্দায় তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল। এরপর তিনি ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘আম্মা কি বলি’ এবং ‘দ্য হিরো – অভিমন্যু’-এর মতো বেশ কিছু হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও অভিনয় করেছেন। এছাড়া মিউজিক ভিডিও এবং স্টেজ পারফরম্যান্সেও তাঁর নিয়মিত যাতায়াত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়, ইনস্টাগ্রামেই তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ১০ লক্ষ।
নাচের জগত ও অন্যান্য পরিচয়: অভিনয়ের পাশাপাশি নিকিতার অন্যতম বড় পরিচয় হলো তিনি একজন দক্ষ কত্থক নৃত্যশিল্পী। জাতীয় স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তিনি ‘ভারতের শাকিরা’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি তাঁকে শিল্পা শেঠির রিয়েলিটি শো ‘মা হ্যায় না’-তেও অংশগ্রহণ করতে দেখা গেছে। পেশাদার অভিনয়ের পাশাপাশি তিনি হোটেল ব্যবসা ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন।
কেন হঠাৎ চর্চায় নিকিতা? রণবীর কাপুরের একটি পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয়, যেখানে অভিনেতাকে গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করতে দেখা গিয়েছিল। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রণবীর রামের চরিত্রে অভিনয় করায় সেই পুরোনো বিতর্কটিকে ফের উসকে দিয়েছেন নিকিতা রাওয়াল। তাঁর স্পষ্ট কথা, যিনি অতীতে গরুর মাংস খাওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন, তিনি কোনোভাবেই ‘রাম’ চরিত্রের মতো পবিত্র ও ধর্মীয় ভাবাবেগযুক্ত চরিত্রে অভিনয় করতে পারেন না। এই মন্তব্যের পরই রণবীরের কাস্টিং নিয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে এবং নড়েচড়ে বসেছে বলিউড ও রাজনৈতিক মহল।