রেলওয়ে আইনে বড় বদল! বিনা টিকিটে ভ্রমণ বা সংরক্ষিত আসনে বসলেই গুনতে হবে আকাশছোঁয়া জরিমানা!

যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ কঠোরভাবে রুখতে রেলওয়ে আইন, ১৯৮৯-এর একাধিক গুরুত্বপূর্ণ ধারায় বড় ধরনের সংশোধন আনা হয়েছে। নতুন নিয়মে টিকিট ছাড়া ভ্রমণ, সংরক্ষিত কামরায় বেআইনি প্রবেশ, প্রতিবন্ধী ও মহিলাদের সংরক্ষিত আসন দখল এবং টিকিটের অবৈধ হস্তান্তরের ক্ষেত্রে জরিমানার পরিমাণ একলাফে অনেকটাই বাড়ানো হয়েছে। প্রয়োজনে এখন থেকে আরও দ্রুত আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
কোন অপরাধে কী শাস্তি ও জরিমানা?
নতুন সংশোধিত বিধান অনুযায়ী বিভিন্ন ধারায় নির্ধারিত শাস্তির বিবরণ নিচে দেওয়া হলো:
ধারা ১৩৭ (বিনা টিকিটে বা প্রতারণামূলক ভ্রমণ): টিকিট ছাড়া বা প্রতারণার মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীকে ভাড়ার পাশাপাশি অতিরিক্ত চার্জ দিতে হবে, যার ন্যূনতম পরিমাণ ৫০০ টাকা। অর্থ পরিশোধে অস্বীকৃতি জানালে মামলা আদালতে পাঠানো হবে এবং আদালত সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানা, কিংবা উভয় দণ্ড দিতে পারে।
ধারা ১৫৫ (সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ): সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ করলে সর্বোচ্চ ২,০০০ টাকা এবং প্রকৃত যাত্রীর প্রবেশে বাধা সৃষ্টি করলে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা প্রদানে অস্বীকৃতি জানালে আদালত সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে কামরা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে।
ধারা ১৬২ (মহিলাদের সংরক্ষিত কামরা বা আসন দখল): মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় বা আসনে বেআইনি প্রবেশের ক্ষেত্রে জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ ২,২৫০০ টাকা করা হয়েছে। জরিমানা না দিলে আদালত সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তবে বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, এই ধারায় কোনও ট্রান্সজেন্ডার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে না।
ধারা ১৪২ (টিকিটের অবৈধ হস্তান্তর): টিকিটের অবৈধ হস্তান্তরের ক্ষেত্রে টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং ভাড়ার সমপরিমাণ অতিরিক্ত চার্জ-সহ ন্যূনতম ৫০০ টাকা জরিমানা আদায় করা হবে। অর্থ পরিশোধ না করলে আদালত সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ড দিতে পারে।
ধারা ১৩৮ (অনুমোদিত দূরত্বের বেশি ভ্রমণ): বৈধ টিকিটের চেয়ে বেশি দূরত্বে ভ্রমণ করার ক্ষেত্রে ভাড়ার পার্থক্যের সঙ্গে অতিরিক্ত চার্জ দিতে হবে, যার ন্যূনতম পরিমাণ ৫০০ টাকা। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আদালত ১০ দিন থেকে এক মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে।
রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষ বার্তা:
যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে সকল যাত্রীকে বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করা, সংরক্ষিত কামরার নিয়ম মেনে চলা, অবৈধ প্রবেশ, হকারি ও ধূমপান থেকে বিরত থাকার এবং রেলকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।