আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবসে বড় ঘোষণা! বিরল বন্য বিড়াল সংরক্ষণে কেন্দ্রের নতুন রোডম্যাপ

আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস উপলক্ষে উত্তর-পূর্ব ভারতে এশিয়ার অন্যতম দুর্লভ বন্য বিড়াল প্রজাতি ক্লাউডেড লেপার্ড (Clouded Leopard) সংরক্ষণে একটি নতুন ও দূরদর্শী Conservation Action Plan (CAP) প্রকাশ করল কেন্দ্র। আধুনিক প্রযুক্তি, বন করিডর সংরক্ষণ, eDNA, ক্যামেরা ট্র্যাপ এবং স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েই এই নতুন রোডম্যাপ তৈরি করা হয়েছে।
কোয়েম্বাটোরে প্রকাশিত হলো নতুন কর্মপরিকল্পনা
কোয়েম্বাটোরে অনুষ্ঠিত ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ (SCNBWL)-এর ৯১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে Government of India–GEF–UNDP প্রকল্পের অধীনে তৈরি এই ক্লাউডেড লেপার্ড কনজারভেশন অ্যাকশন প্ল্যান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন এই কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো উত্তর-পূর্ব ভারতের ক্লাউডেড লেপার্ডের প্রধান আবাসস্থলগুলিকে সুচারুভাবে সংরক্ষণ করা, বিচ্ছিন্ন বনাঞ্চলের মধ্যে পারস্পরিক সংযোগ পুনর্গঠন করা, বৈজ্ঞানিক উপায়ে পর্যবেক্ষণ জোরদার করা এবং স্থানীয় জনজাতি ও সাধারণ মানুষকে সংরক্ষণ কার্যক্রমে শামিল করা। এই পরিকল্পনায় উত্তর-পূর্ব ভারতের মোট ১৪টি অগ্রাধিকারভিত্তিক সংরক্ষণ ল্যান্ডস্কেপ চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বন করিডর সংরক্ষণ ও ক্ষতিগ্রস্ত আবাসস্থল পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ প্রজাতি পুনরুদ্ধার কর্মসূচিতে অন্তর্ভুক্তি
বন্যপ্রাণী সংরক্ষণে গতি আনতে ক্লাউডেড লেপার্ডকে Integrated Development of Wildlife Habitats (IDWH) প্রকল্পের Species Recovery Programme বা প্রজাতি পুনরুদ্ধার কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই সুনির্দিষ্ট পদক্ষেপে বিরল এই বন্য বিড়াল প্রজাতির সংরক্ষণে প্রাতিষ্ঠানিক কাঠামো আরও বহুগুণ শক্তিশালী হবে।