অবৈধ পার্কিং রুখতে বড় পদক্ষেপ রাজ্যের! দুর্গা পুজোর আগেই কলকাতায় আসছে ডিজিটাল পার্কিং ইকো-সিস্টেম!

রাজ্যে সরকার গঠনের পর থেকেই অবৈধ পার্কিং এবং ট্রাফিক শৃঙ্খলা নিয়ে বারবার কড়া বার্তা দিয়ে আসছে প্রশাসন। সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করার পরই স্পষ্ট হয়ে গিয়েছে যে, কলকাতার দীর্ঘদিনের ‘পার্কিং রোগ’ সারাতে এবার কোমর বেঁধে আসরে নেমেছে নতুন সরকার। এই সমস্যা সমাধানের স্থায়ী দাওয়াই হিসেবে খুব শীঘ্রই শহর কলকাতা পেতে চলেছে একটি সর্বাধুনিক ডিজिटल পার্কিং ইকো-সিস্টেম (Digital Parking Eco-system)।
কী বলছে ওয়াকিবহাল মহল?
সূত্রের খবর, আসন্ন দুর্গাপুজোর উৎসবের মরসুমের আগেই শহরের যানজট ও পার্কিংয়ের চেনা ছবি বদলাতে কলকাতা জুড়ে একটি সুসংহত ডিজিটাল পার্কিং প্ল্যাটফর্ম চালু করতে চলেছে সরকার। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই নতুন ব্যবস্থা চালু হলে কলকাতার সামগ্রিক পার্কিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে?
যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও সমস্ত বিশদ জানানো হয়নি, তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে:
-
রিয়েল-টাইম অ্যাপ পরিষেবা: একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়িচালকরা রিয়েল-টাইমে শহরের কোথায় পার্কিং স্লট খালি রয়েছে, তা সহজেই দেখতে পাবেন।
-
আগাম বুকিং ও ডিজিটাল পেমেন্ট: গন্তব্যে পৌঁছানোর আগেই চালকরা মোবাইল অ্যাপের সাহায্যে পার্কিং স্লট রিজার্ভ করতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশলেস বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ফি মেটাতে পারবেন।
-
ওয়ান-সাইডেড পার্কিং: যানজট নিয়ন্ত্রণে কলকাতার কিছু নির্দিষ্ট ব্যস্ত রাস্তায় ‘ওয়ান-সাইডেড পার্কিং’ বা রাস্তার একদিকে গাড়ি রাখার ব্যবস্থা চালু করা হবে।
-
প্রথম দফায় ১৫ হাজার পার্কিং স্পট: এই নতুন পরিকল্পনার প্রথম ধাপেই কলকাতা জুড়ে প্রায় ১৫,০০০ নতুন পার্কিংয়ের জায়গা তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। পরবর্তী সময়ে ধীরে ধীরে এই পরিষেবা হাওড়া, হুগলি এবং বিধাননগরের মতো সংলগ্ন এলাকাগুলিতেও ছড়িয়ে দেওয়া হবে।
অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
শুধু ডিজিটাল পরিকাঠামো তৈরি করাই নয়, শহরের আনাচে-কানাচে গড়ে ওঠা অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও জোরদার অভিযানের পরিকল্পনা করেছে রাজ্য। বর্তমানে কলকাতার বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়াই রমরমিয়ে অবৈধ পার্কিং চলছে এবং একাংশ এর মাধ্যমে বেআইনিভাবে অর্থ আদায় করছে বলে অভিযোগ। এই সমস্ত অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাস্তাঘাট আটকে যেভাবে বাস, ট্যাক্সি বা অন্যান্য বাণিজ্যিক গাড়ি যত্রতত্র পার্ক করে রাখা হয়, তার বিরুদ্ধেও আইনি কড়া পদক্ষেপ করবে সরকার।