‘ওঁকে বাঁচাতে পুরো সিস্টেম ঝাঁপিয়েছিল,’ আদালতের রায়ে হতাশ ভিনেশ ফোগাট

দিল্লির একটি আদালত ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংকে মহিলা কুস্তিগীরদের আনা বহুচর্চিত যৌন হেনস্থার মামলা থেকে বেকসুর খালাস ঘোষণা করার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট। আদালতের এই রায়ে চরম অসন্তোষ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি জোরালো পোস্ট শেয়ার করেছেন তিনি। ভিনেশের সাফ কথা, এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই শেষ হয়নি এবং তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
কী লিখেছেন ভিনেশ ফোগাট?
সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ উগড়ে দিয়ে ভিনেশ লিখেছেন, “শাসক দলের একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে রাস্তায় নেমে এফআইআর দায়ের করতে আমাদের প্রচুর সাহসের প্রয়োজন হয়েছিল। নিজের ক্ষমতা ও পেশিশক্তির জোরে ব্রিজভূষণ অনেক মেয়েকে ভয় দেখিয়ে তাঁদের নাম প্রত্যাহার করতে বাধ্য করেছে।” তবে এতকিছুর পরেও তাঁরা পিছু হটছেন না জানিয়ে তিনি আরও লেখেন, “কিন্তু বহু মহিলা কুস্তিগীর রুখে দাঁড়িয়ে আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। আমরা গভীরভাবে মর্মাহত যে, আদালত মহিলা কুস্তিগীরদের আনা যৌন নির্যাতনের অভিযোগে ব্রিজভূষণ শরণ সিংকে দোষী সাব্যস্ত করেনি। একেবারে শুরু থেকেই পুরো ব্যবস্থা, সরকার এবং এই সিস্টেম ব্রিজভূষণকে রক্ষা করার চেষ্টা করে আসছে।”
আশা হারানি, চলবে লড়াই
আইনি লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে ভিনেশ স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, মহিলা কুস্তিগীররা তাঁদের আইনজীবীদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার নির্দেশ দিয়েছেন এবং খুব শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু হবে। “আমরা একবিন্দুও আশা হারাইনি এবং কুস্তিগীররা তাঁদের এই লড়াই চালিয়ে যাবে,”—বলেছেন ভিনেশ।
মামলার প্রেক্ষাপট
সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (ACJM) অশ্বিনী পানওয়ার ব্রিজভূষণ শরণ সিং এবং সহ-অভিযুক্ত তথা কুস্তি সংস্থার প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমরকে এই মামলা থেকে খালাস দেন। আদালত জানিয়েছে, অভিযোগ প্রমাণ করার মতো পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য পেশ করা যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট সহ দেশের শীর্ষস্থানীয় মহিলা কুস্তিগীররা তৎকালীন ডব্লিউএফআই প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই প্রতিবাদের পথ ধরেই দীর্ঘ আইনি লড়াইয়ের পর সোমবার আদালত রায় ঘোষণা করলেও, ভিনেশ ফোগাটদের পরবর্তী আইনি পদক্ষেপে এই মামলা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।