গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের দুর্দান্ত সাফল্য! ৩৯টি পদক জিতে ইতিহাস গড়ার পর কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

সমাপ্ত হলো ২০২৬ সালের কমনওয়েলথ গেমস। গ্লাসগোতে আয়োজিত এই প্রতিযোগিতায় দুর্দান্ত লড়াই চালিয়ে মোট ৩৯টি পদক নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে ভারত। আর এই অভাবনীয় সাফল্যের সুবাদে পদক তালিকার চতুর্থ স্থানে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে ভারতীয় দল। দেশের এই বীর অ্যাথলিটদের সাফল্যের জন্য জাতীয় দলকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১১ দিনব্যাপী চলা এই জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) দেশের পদকজয়ী ক্রীড়াবিদদের বিশেষ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি তাঁরবার্তায় উল্লেখ করেন যে, এই সাফল্য দেশের আগামী প্রজন্মের অ্যাথলিটদের অনুপ্রেরণা জোগাবে এবং সামগ্রিকভাবে ভারতের খেলাধুলার ভবিষ্যৎকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে।

প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছাবার্তা
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন,

“গ্লাসগো কমনওয়েলথ গেমসে আমাদের দলের পারফরম্যান্সে আমি গর্বিত। ভারত ১৩টি সোনাসহ মোট ৩৯টি পদক জিতেছে, যা অত্যন্ত আনন্দের। সব পদকজয়ী ক্রীড়াবিদকে আন্তরিক অভিনন্দন। পুরো প্রতিযোগিতা জুড়ে আমাদের প্রতিভাবান ক্রীড়াবিদরা অসাধারণ দক্ষতা, অদম্য লড়াইয়ের মানসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রম আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।”

বার্তার শেষে সমগ্র ভারতীয় দলকে আগামী দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য শুভকামনা জানান তিনি। আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই ক্রীড়াবিদরা নিজেদের সেরাটা উজাড় করে দেশের নাম আরও উজ্জ্বল করবেন।

পদক কমলেও কেন এই সাফল্য ঐতিহাসিক?
গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত সবমিলিয়ে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ (মোট ৩৯টি পদক) জিতেছে। পদক তালিকার নিরিখে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডার পরেই চতুর্থ স্থান দখল করেছে ভারত।

অনেকেই ২০২২ সালের বার্মিংহ্যাম গেমসের সঙ্গে এর তুলনা টানছেন, যেখানে ভারত মোট ৬১টি পদক জিতেছিল। তবে গ্লাসগো গেমসের এই সাফল্যকে অন্য নজরে দেখছেন বিশেষজ্ঞরা:

বড় ইভেন্ট বাদ: এ বারের কমনওয়েলথ গেমসে হকি, শ্যুটিং এবং ব্যাডমিন্টনের মতো ৯টি বড় ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল না। অথচ ২০২২ সালের বার্মিংহ্যামে ভারত যে ৬১টি পদক জিতেছিল, তার মধ্যে ৩০টি পদকই এসেছিল এই ইভেন্টগুলি থেকে।

ছোট দল: গতবারের কমনওয়েলথ গেমসে যেখানে ভারতের মোট ২১০ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন, এ বছর গ্লাসগোতে সেই দলের আকার কমে দাঁড়িয়েছিল মাত্র ১২২ জনে।

এত ছোট দল এবং শ্যুটিং-হকির মতো পদকমুখী ইভেন্ট না থাকা সত্ত্বেও বিশ্বের মঞ্চে চতুর্থ স্থান দখল করা এবং ৩৮ জন ভারতীয় ক্রীড়াবিদের গলায় পদক ঝোলা—নিঃসন্দেহে এক বিরাট ও ঐতিহাসিক অর্জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *