বর্ষায় পাতে কি সঠিক ইলিশ পড়ছে? নদী ও সাগরের রূপোলি শস্য চেনার জাদুকরী উপায় জানুন

বর্ষার মরশুম মানেই বাঙালির পাতে ভাপা, সর্ষে কিংবা পাতুরির সুবাসে ইলিশের (Hilsa Fish) জয়জয়কার। ভোজনরসিকরা সারা বছরই এই বিশেষ সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। যদিও আজকাল সারা বছরই টুকটাক ইলিশ মিললেও, বর্ষার তাজা মাছের স্বাদ আর সুবাসের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। আর এই ইলিশের আসল স্বাদ পেতে হলে নদী আর সাগরের ইলিশের ফারাক চেনা অত্যন্ত জরুরি।
নদী নাকি সাগর? চিনবেন কীভাবে?
পয়সা উসুল ও সেরা স্বাদ পেতে চাইলে সবসময় নদীর মিষ্টি জলের ইলিশ কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু কোনটা নদীর আর কোনটা সাগরের ইলিশ, তা বুঝবেন কীভাবে?
আকৃতি দেখে চেনার উপায়: ইলিশ মাছ যদি একটু বেঁটে বা চওড়া গড়নের হয়, তবে বুঝতে হবে সেটি নদীর ইলিশ। অন্যদিকে, সাগরের ইলিশ সাধারণত বেশ সরু ও লম্বা আকৃতির হয়ে থাকে।
ওজনের চাবিকাঠি: ভালো স্বাদ পেতে মাছের ওজনের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার। অনেকে ২-৩ কেজির বড় ইলিশ বেশি দাম দিয়ে কিনে থাকেন, কিন্তু ফিশারি বিশেষজ্ঞরা বলেন, ১ থেকে ১.৫ কেজির (১ থেকে দেড় কেজি) সাইজের ইলিশের স্বাদই হয় সবচেয়ে সেরা। মাছ যত পাকা ও উপযুক্ত সাইজের হবে, তার স্বাদ ততই খোলতাই হবে।
ইলিশ কেনার সঠিক সময় কোনটা?
বর্ষার মাঝামাঝি সময়ে ইলিশ সমুদ্র ছেড়ে নদীর মিষ্টি জলে পরিযান করে। আর ঠিক এই সময়টাতেই ইলিশের স্বাদ থাকে চরমে।
ডিম ছাড়ার আগের সময়: ইলিশের পেটে ডিম আসার আগের সময় পর্যন্ত মাছে তেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, আর সেই কারণেই স্বাদ হয় অতুলনীয়। একবার মাছের ডিম হয়ে গেলে তার স্বাদ অনেকটাই কমে যায়।
কখন কিনবেন: সাধারণত অগাস্ট মাস থেকে ইলিশ ডিম ছাড়তে শুরু করে। তাই তার ঠিক আগের সময় অর্থাৎ জুন ও জুলাই মাস এবং বর্ষার ভরা মরশুমে ইলিশের স্বাদ থাকে সবচেয়ে দারুণ। এই সময়ে বাজার থেকে তাজা ইলিশ কিনে আনলে তবেই রসনাতৃপ্তি হবে ষোলো আনা!