“জয়কে অপমান মানে আমাকেই অপমান!” রবীন্দ্র সদনের অনভিপ্রেত ঘটনা নিয়ে বিস্ফোরক তসলিমা নাসরিন

দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরে সংবর্ধনা মঞ্চেই বড়সড় বিতর্কের মুখে পড়লেন বাংলাদেশের বিতর্কিত ও প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। দর্শকদের একাংশের প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারেননি বর্ষীয়ান কবি জয় গোস্বামী। আর এই অনভিপ্রেত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তসলিমা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই অপমান শুধু জয় গোস্বামীর নয়, তাঁর নিজেরও।

রবিবারের সাংবাদিক বৈঠকে নিজের ক্ষোভ উগরে দিয়ে লেখিকা বলেন, “গতকালের ঘটনা আমার খুব খারাপ লেগেছে। কারণ, ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। কারণ আমি নিজেই জয়কে মঞ্চে ডেকেছিলাম।”

ঠিক কী ঘটেছিল রবীন্দ্র সদনের মঞ্চে?

শনিবার রবীন্দ্র সদনে তসলিমার প্রত্যাবর্তন উপলক্ষে ‘ফেরা’ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে লেখিকাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এরপর বক্তৃতা দেওয়ার সময় দর্শকাসনে বসা কবি জয় গোস্বামীকে দেখতে পেয়ে সসম্মানে মঞ্চে আসার অনুরোধ করেন তসলিমা। কিন্তু কবি আসন ছেড়ে মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশ হঠাৎই চেঁচামেচি ও প্রতিবাদ শুরু করেন। প্রবল আপত্তির মুখে পড়ে শেষ পর্যন্ত মাঝপথ থেকেই নিজের আসনে ফিরে যেতে বাধ্য হন জয় গোস্বামী।

অনেকের ধারণা, অতীতে তসলিমার নির্বাসন পর্বে কবির দীর্ঘ নীরবতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পক্ষপাতদুষ্ট মন্তব্যের কারণেই দর্শকরা এই বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

দর্শকদের দ্বিমুখী আচরণ নিয়ে তসলিমার প্রশ্ন

দর্শকদের এই আচার-আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তসলিমা বলেন, “একদিকে যখন একজন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাঁকে সমর্থন করছ, কিন্তু বাস্তবে যখন তিনি আরেকজন কবিকে ডাকছেন, তখন তোমরা তাঁর কথা শুনতে চাইছ না! আশা করি এই ধরনের পরিস্থিতি আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *