‘পেপার লিক মাফিয়াদের ক্ষমা নয়…’ বিল পাশ হতেই কঠোর শাস্তির হুঙ্কার দিয়ে বার্তা মোদীর

দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে ফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সংসদে পাস হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘অ্যান্টি-পেপার লিক বিল’-কে স্বাগত জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। একে দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও বড় পদক্ষেপ বলে উল্লেখ করার পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে চরম কড়া আইনি ব্যবস্থা নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পরপরই ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকার প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর সমস্যার মোকাবিলা করে আসছে। এই ধরনের বেআইনি ঘটনা দেশের লক্ষ লক্ষ মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎকে ঘোর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
পরীক্ষা ব্যবস্থায় সংস্কার ও প্রযুক্তির ব্যবহার
ভিডিও বার্তায় পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মোদী। তিনি জানান, পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এই অসদুপায় রোধ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছি। পরীক্ষা ব্যবস্থার সংস্কার হোক, দ্রুত ব্যবস্থা গ্রহণ হোক কিংবা রাজ্যগুলির পরামর্শকে গুরুত্ব দেওয়া— সব ক্ষেত্রেই আমরা এগিয়ে চলেছি।” শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্র ও রাজ্য উভয়ের যৌথ প্রয়াস এবং প্রযুক্তির ব্যবহার আবশ্যিক বলে তিনি জোর দেন।
পেপার মাফিয়াদের ছাড় দেওয়া হবে না: মোদী
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের প্রতি চরম হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পেপার মাফিয়া এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত চক্র, যারা দেশের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের কাউকেই একচুলও রেয়াত করা হবে না। এদের বিরুদ্ধে কঠোর আইন থাকা অত্যন্ত প্রয়োজন।”
সংসদের উভয় কক্ষেই টানা দু’দিন ধরে বিতর্কের পর এই বিলের অনুমোদন পাওয়াকে দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কারে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে অভিহিত করেছেন তিনি। সরকারের এই অনমনীয় মনোভাব স্পষ্ট করে দেয় যে, পড়ুয়াদের স্বার্থ রক্ষায় প্রশাসন কোনও অবস্থাতেই আপস করবে না।
নতুন আইনের কঠোর শাস্তির বিধান
সম্প্রতি নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের প্রেক্ষাপটে সংসদে পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। রাজ্যসভায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র একাধিক দলের ওয়াকআউটের মধ্যেই এই বিলটি পাস হয়, যা এর আগে বুধবার লোকসভায় অনুমোদিত হয়েছিল।
নতুন এই আইন অনুযায়ী যে কড়া শাস্তির সংস্থান রাখা হয়েছে:
-
সাধারণ জালিয়াতি: প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অসাধু উপায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ন্যূনতম ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
-
সংগঠিত অপরাধ: সংগঠিতভাবে পেপার লিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরের কারাদণ্ড এবং কমপিছে কম ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে।