একুশ মাসের মেয়েকে ঘরে রেখেই দ্বিতীয় সন্তান! হাসপাতাল থেকে ফিরেই কী কাণ্ড ঘটালেন শ্রীময়ী?

চলতি মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। মাত্র একুশ মাসের মেয়ে কৃষভিকে বাড়িতে রেখে ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হওয়া নিঃসন্দেহে মানসিক দিক থেকে সহজ ছিল না তাঁর জন্য। তাই হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর ছোট মেয়ে কৃষভিকে কাছে পেয়ে আদরে ভরিয়ে দেন মা। মা-মেয়ের এই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক নজর কেড়েছে।

মেয়েকে কোলে নিয়ে শ্রীময়ীকে বলতে শোনা যায়, “আজকে মাম্মা এতদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। আর গোপীকে কোলে নিয়েছে।” উল্লেখ্য, আদর করে কৃষভিকে ‘গোপী’ বলে ডাকেন কাঞ্চন ও শ্রীময়ী। অন্যদিকে, সদ্যোজাত ছেলের ডাক নাম রেখেছেন ‘গদাই’ এবং দিদির নাম কৃষভির সঙ্গে মিলিয়ে ছেলের ভালো নাম রেখেছেন ‘কৃষিভ’। আধো আধো স্বরে ছোট্ট কৃষভিকে ‘খুব খুশি’ বলেও বলতে শোনা যায়। শ্রীময়ী মেয়েকে আশ্বাস দিয়ে বলেন, “আর যাবে না, মাম্মা কোথাও যাবে না।”

তবে দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে। এই নতুন পোস্টেও বরাবরের মতো ট্রোলারদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা দম্পতিকে। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আইনি এবং মার্চ মাসে সামাজিক বিয়ে হয় কাঞ্চন ও শ্রীময়ীর। এর সাড়ে আট মাসের মাথায় জন্ম হয় কৃষভির। আর মেয়ের বয়স দুই বছর পূর্ণ হওয়ার আগেই তাঁদের কোল আলো করে এল ছেলে কৃষিভ।

দ্বিতীয়বার মা হওয়ার এই যাত্রাপথে কাঞ্চন ও পরিবারের পাশাপাশি অভিনেত্রী সবার আগে সুখবরটি জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণাকে নিজের দিদি ও প্রিয় বন্ধু হিসেবে মানেন শ্রীময়ী। সন্তানসম্ভবা হওয়ার খবর পাওয়ার পর তাঁর মনে যে দ্বিধা ও ভয় কাজ করছিল, তা দূর করেছিলেন ঋতুপর্ণাই। শ্রীময়ী তাঁর পোস্টে লিখেছেন, খবরটি শুনে ঋতুদি তাঁকে বলেছিলেন, “একদম অন্য কোনো কথা না ভেবে যে পৃথিবীতে আসছে তাকে আমন্ত্রণ জানা, মানুষ মাথা ঠুকে সন্তান পায় না, তোকে ঈশ্বর না চাইতেই দিয়েছে, একদম কোনো নেগেটিভ চিন্তা করবি না।” পাশাপাশি, ঋতুপর্ণার দেওয়া সাধের ছবিও সোশ্যালে শেয়ার করেছিলেন অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *