“আমি অনেক দূরে চলে গেলে…” ক্যানসার আক্রান্ত বাবার শেষ কথার ভিডিও দেখে কেঁদে ভাসছে নেটদুনিয়া

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢোকার আগে এক বাবার তাঁর কচি ছেলের উদ্দেশ্যে বলা শেষ কথাগুলো নাড়া দিয়ে গেল গোটা পৃথিবীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অত্যন্ত আবেগঘন ভিডিওতে দেখা গেছে, জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়েও নিজের ভয় বা কষ্টের কথা না ভেবে ছোট্ট ছেলে মন্ত্রকে ভবিষ্যতের জন্য শক্ত থাকার ও পরিবারের দায়িত্ব নেওয়ার পাঠ দিচ্ছেন এক বাবা। এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দৃশ্য ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের চোখে জল এনে দিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ @WokePandemic হ্যান্ডল থেকে শেয়ার করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুখে মেডিকেল মাস্ক পরে অত্যন্ত শান্তভাবে নিজের শিশু পুত্র মন্ত্রর সঙ্গে শেষবারের মতো কথা বলছেন ক্যানসারে আক্রান্ত ওই বাবা।
বাবার অন্তিম বার্তা: ভিডিওতে ছেলেকে সান্ত্বনা দিয়ে বাবাকে বলতে শোনা যায়, “মন্ত্র, আমি যদি তোমার থেকে অনেক দূরে চলে যাই, মায়ের কথা শুনবে, জেদ করবে না। মা এবং তোমার দুই বোনকে খুব দায়িত্ব নিয়ে ভালো যত্ন নেবে। কখনও জিজ্ঞাসা করবে না যে ‘বাবা কোথায় গেল?’ যখনই তুমি আমাকে মনে করবে, আমি সর্বদা তোমার আশেপাশেই থাকব।”
ছেলের ছোট বয়সের নিষ্পাপ মুখ এবং পরিস্থিতি পুরোপুরি না বোঝার যন্ত্রণা ভিডিওটিকে আরও বেশি মর্মান্তিক করে তুলেছে। ভিডিওটি সামনে আসার পর থেকেই নেটদুনিয়ায় উপচে পড়েছে আবেগঘন প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ এই শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন, তো আবার অনেকে মনে করিয়ে দিয়েছেন যে— প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতি মুহূর্ত এবং ভালোবাসার প্রকাশই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।