ডাক নিয়মে বিরাট রদবদল! ১ অগস্ট থেকে বদলে যাচ্ছে স্পিড পোস্টের নিয়ম ও খরচ, পকেটে কী প্রভাব?

ডাক পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং ঝামেলাহীন করতে বড় ধরনের পদক্ষেপ নিল ইন্ডিয়া পোস্ট (India Post)। আগামী ১ অগস্ট থেকে কার্যকর হতে চলেছে ডাক বিভাগের নতুন নির্দেশিকা। এবার থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে— ঠিক কোন কোন জিনিস ‘ডকুমেন্ট’ (Document) বা নথি এবং কোনগুলি ‘পার্সেল’ (Parcel) হিসেবে গণ্য হবে। এতদিন স্পষ্ট বিধিনিষেধ না থাকায় সাধারণ মানুষকে অনেক সময় সাধারণ নথির জন্যও বাড়তি টাকা বা পার্সেল চার্জ গুনতে হতো। নতুন নিয়মে সেই জটিলতার অবসান ঘটতে চলেছে।

এর পাশাপাশি দেশের প্রধান ৬টি শহরের জন্য ২৪ ঘণ্টা ও ৪৮ ঘণ্টার স্পিড পোস্টের বিশেষ নির্দেশিকা ও নতুন চার্জ তালিকাও প্রকাশ করেছে ডাক বিভাগ।

কোনগুলি ‘ডকুমেন্ট’ আর কোনগুলি ‘পার্সেল’?
ডাক বিভাগের স্পষ্ট বার্তা— যেসব জিনিসের কোনো বাণিজ্যিক মূল্য (Commercial Value) নেই, সেগুলিকে নথি বা ‘ডকুমেন্ট’ ধরা হবে। ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের অ-বাণিজ্যিক খাম বা প্যাকেটও ডকুমেন্ট হিসেবে কম খরচে পাঠানো যাবে।

ডকুমেন্টের আওতায় যা যা থাকবে:

ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা (BFSI): চেকবুক, পাসবুক, ওয়েলকাম কিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড।

সরকারি পরিচয়পত্র: আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স।

অন্যান্য সাধারণ নথি: সাধারণ বা ব্যক্তিগত চিঠি, অফিসিয়াল ও সরকারি কাগজপত্র, প্রিন্ট করা ডকুমেন্ট, উৎসবের শুভেচ্ছা কার্ড কিংবা রাখির খাম।

মনে রাখবেন: যেকোনো বিক্রিযোগ্য পণ্য, ব্যবসায়িক সামগ্রী বা যার বাণিজ্যিক মূল্য রয়েছে— তা বাধ্যতামূলকভাবে ‘পার্সেল’ হিসেবেই বুক করতে হবে।

স্পিড পোস্টের নতুন রেট চার্ট: কত খরচ পড়বে?
খুচরো বা সাধারণ গ্রাহকদের জন্য পুরানো চার্জের খুব একটা পরিবর্তন না হলেও, পাইকারি বা ‘বাল্ক’ (Bulk) গ্রাহকদের জন্য নতুন হার নির্ধারণ করা হয়েছে।

১. ২৪ ঘণ্টার স্পিড পোস্ট (খুচরো গ্রাহক):
৫০ গ্রাম পর্যন্ত: স্থানীয় ডেলিভারিতে ৩৮ টাকা এবং দেশের অন্য প্রান্তে পাঠাতে ৯৪ টাকা (সঙ্গে জিএসটি)।

৫১ থেকে ২৫০ গ্রাম: ১১৮ টাকা থেকে ১৫৪ টাকা (দূরত্ব অনুযায়ী)।

২৫১ থেকে ৫০০ গ্রাম: ১৪০ টাকা থেকে ১৮৬ টাকা।

২. ৪৮ ঘণ্টার স্পিড পোস্ট (খুচরো গ্রাহক):
প্রতি প্যাকেটের খরচ দূরত্ব ও ওজন অনুযায়ী ৬১ টাকা থেকে ১২১ টাকা পর্যন্ত হতে পারে।

৩. বাল্ক বা করপোরেট গ্রাহকদের জন্য:
২৪ ঘণ্টার স্পিড পোস্ট: ৩৮ টাকা থেকে ১০০ টাকা।

৪৮ ঘণ্টার স্পিড পোস্ট: ৪৮ টাকা থেকে ৭২ টাকা।

কোথায় পাওয়া যাবে ২৪ ও ৪৮ ঘণ্টার এক্সপ্রেস পরিষেবা?
বর্তমানে প্রাথমিক পর্বে দেশের ৬টি মেট্রো শহরে এই অতি-দ্রুত ২৪ ও ৪৮ ঘণ্টার বিশেষ স্পিড পোস্ট পরিষেবা উপলব্ধ থাকবে:
১. কলকাতা

২. দিল্লি

৩. মুম্বই

৪. চেন্নাই

৫. বেঙ্গালুরু

৬. হায়দরাবাদ

ডাক বিভাগ সূত্রে খবর, সফলভাবে এটি চালু হওয়ার পর খুব শীঘ্রই দেশের অন্যান্য বড় ও মাঝারি শহরগুলোতেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে সাধারণ গ্রাহকের পাশাপাশি ব্যাঙ্ক, বিমা ও সরকারি দফতরগুলোর প্রশাসনিক কাজ আগের চেয়ে বহুগুণ দ্রুত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *