স্ত্রীকে ঝুলিয়ে ভিডিও কল শ্বশুর-শাশুড়িকে! বিবাহ বহির্ভূত সন্দেহে গৃহবধূকে খুনের ঘটনায় শিউরে ওঠা তথ্য

বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে এক গৃহবধূকে চরম নৃশংসতায় খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীকে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার পর তাঁর মৃত্যুর সঙ্গে লড়াইয়ের দৃশ্য মোবাইলে রেকর্ড করে আত্মীয়-পরিজনদের পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এমনকী, ভিডিও কলের মাধ্যমে মেয়ের সেই শেষ মুহূর্ত খোদ শ্বশুর-শাশুড়িকেও দেখানো হয় বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বাগালকোট জেলার গালাগালি গ্রামে। নিহত গৃহবধূর নাম ভাগ্যশ্রী জিগালুর (২৩) এবং অভিযুক্ত স্বামীর নাম প্রবীণ জিগালুর।
ঠিক কী ঘটেছিল?
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন প্রথমে একটি কাঠের গুঁড়ি দিয়ে ভাগ্যশ্রীকে বেধড়ক মারধর করে প্রবীণ। এরপর ঘরের ভেতরেই ওড়না দিয়ে তাঁর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ, ভাগ্যশ্রী যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এবং জীবনের জন্য লড়াই করছিলেন, সেই সময়ই মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করতে শুরু করে স্বামী।
তদন্তকারীদের দাবি, এই পৈশাচিক কাণ্ড ঘটিয়েই ক্ষান্ত থাকেনি অভিযুক্ত। অত্যন্ত ঠান্ডা মাথায় সে ভিডিও কল করে ভাগ্যশ্রীর বাবা-মাকে মেয়ের জীবনের শেষ মুহূর্ত দেখায়। শুধু তাই নয়, সেই মর্মান্তিক ভিডিও বিভিন্ন আত্মীয় ও পরিচিতদের মোবাইলেও পাঠিয়ে দেওয়া হয়। যা দেখে শিউরে ওঠেন সকলে। প্রতিবেশীরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।
বিবাদের সূত্রপাত যেভাবে
পুলিশ সূত্রে খবর, গত দু’মাস ধরে দাম্পত্য কলহের জেরে ভাগ্যশ্রী তাঁর শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেই বসবাস করছিলেন। সম্প্রতি প্রবীণ সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বুঝিয়ে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু অভিযোগ, ঘরে ফেরার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাঁকে।
তদন্তে নেমে পুলিশ ঘটনার একটি ভিডিও হাতে পেয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি সবুজ রঙের ওড়নায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন ভাগ্যশ্রী। প্রাণ বাঁচাতে তিনি বিছানায় পা রাখার মরিয়া চেষ্টা করছেন। আর ঘরের দেওয়ালে তখনও উজ্জ্বল হয়ে রয়েছে তাঁদের বিয়ের স্মৃতি ও নাম।
খবর পেয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয় বিলাগি থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত প্রবীণকে গ্রেফতার করে। ঠিক কী কারণে এই চরম নৃশংসতা চালানো হলো, তা খতিয়ে দেখতে সব দিক থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।