ডিএ বাড়লেও বিরাট আর্থিক ক্ষতি! রাজ্য সরকারের ২০% মহার্ঘ ভাতা ঘোষণায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা, আসল সত্যিটা কী?

কলকাতা: সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলার শুনানি পিছিয়ে যাওয়ার মাঝেই নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। রাজ্য সরকারের সাম্প্রতিক ডিএ বৃদ্ধিকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) একটি বড় অংশ। রাজ্য বাজেট অনুযায়ী ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও, এই সিদ্ধান্তের নেপথ্যে কর্মীদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে জোরালো অভিযোগ তুলেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।
কী অভিযোগ কনফেডারেশনের?
কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, সরকার ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করলেও এর ফলে কর্মচারীদের দীর্ঘমেয়াদী লাভ কম হচ্ছে।
মলয়বাবুর হিসাব অনুযায়ী, বিগত সরকার এপ্রিল মাস থেকে ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। তাঁর বক্তব্য, নতুন সরকারের উচিত ছিল এপ্রিল মাস থেকেই সেই ৪ শতাংশ ডিএ কার্যকর করা। সেটি হলে কর্মচারীরা এপ্রিল থেকে অক্টোবর—এই ৭ মাস ধরে ৪ শতাংশ হারে মোট ২৮ শতাংশ সুবিধা পেতেন। কিন্তু একবারে অক্টোবর মাস থেকে ২০ শতাংশ ডিএ দেওয়ায় কর্মচারীদের আসল প্রাপ্তি বা লাভ অনেকাংশে কমে যাচ্ছে।
এর আগেও উঠেছিল একই প্রশ্ন
প্রসঙ্গত, এটিই প্রথম নয়। এর আগেও সরকারের এই ডিএ নীতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন মলয় মুখোপাধ্যায়। তিনি এর আগে প্রশ্ন তুলেছিলেন, নতুন সরকারের কাছে কর্মীরা যা প্রত্যাশা করেছিলেন, এই ঘোষণায় তা পূরণ হয়নি। আগের সরকারের ঘোষণা করা ৪ শতাংশ ডিএ এপ্রিল থেকে চালু না করে তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়ায় কর্মচারীরা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেই দাবি করেছেন তিনি।