বর্ষায় লোকালয়ে বিষধর সাপ! ঘরের কোণে এই ৫টি অদ্ভুত লক্ষণ দেখলেই বুঝবেন বিপদ ঘনিয়ে এসেছে

বর্ষাকালে একটানা বৃষ্টির জেরে সাপের গর্তে জল ঢুকে যাওয়ায় তারা শুকনো আশ্রয়ের খোঁজে সোজা লোকালয়ে চলে আসে। তাছাড়া, এই সময়ে ইঁদুর বা ব্যাঙের মতো সাপের প্রধান খাবারগুলোও মানুষের বাড়ির কাছাকাছি ঘোরাফেরা করায়, সাপের আনাগোনা বহুগুণ বেড়ে যায়। তবে সবসময় সাপ চোখে দেখতে হবে এমন কোনো মানে নেই; বাড়ির অন্দরে কিছু ছোটখাটো লক্ষণ দেখেই সাপের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব।
১. সাপের খোলস ত্যাগ
বাড়ির কোনো নিরিবিলি কোণে পাতলা কাগজের মতো সাপের খোলস পড়ে থাকতে দেখলে অবিলম্বে সাবধান হন। সাধারণত আলমারির পিছন, কাঠের স্তূপ কিংবা দরজার ফাঁকে সাপ লুকিয়ে থেকে খোলস বদলায়। অল্পদিনের মধ্যে যদি ঘরে বারবার সাপের খোলস দেখতে পান, তবে বুঝে নিতে হবে সাপটি আশপাশেই আস্তানা গেড়েছে।
২. সন্দেহজনক বর্জ্য বা মলত্যাগ
ঘরের কোণে বা আসবাবপত্রের পিছনে পাখির মলের মতো কিন্তু খানিকটা লম্বাটে বর্জ্য দেখলে সতর্ক হওয়া জরুরি। সাপের মলের একটি অংশ সাধারণত সাদা হয় এবং অনেক সময় তাতে শিকারের অবশিষ্টাংশ বা পশম আটকে থাকে। পাইপ বা দেওয়ালের পাশে এমন কিছু চোখে পড়লে খালি হাতে না ছুঁয়ে গ্লাভস পরে তা পরিষ্কার করুন।
৩. মেঝের ধুলোয় আঁকাবাঁকা দাগ
গ্যারেজ বা স্টোররুমের মেঝের ধুলোয় ইংরেজি ‘S’ অক্ষরের মতো বাঁকা দাগ দেখলে বুঝবেন সেখান দিয়ে সাপ যাতায়াত করেছে। দরজার তলা বা ড্রেনের মুখে বারবার এমন দাগ দেখা গেলে বুঝতে হবে সেটি সাপের নিয়মিত চলাচলের রাস্তা। এছাড়া হঠাৎ করে বাড়ি থেকে ইঁদুর উধাও হয়ে যাওয়া বা ঘরে আচমকা অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে আসাও সাপের উপস্থিতির বড় ইঙ্গিত।
৪. অদ্ভুত ভ্যাপসা গন্ধ
বদ্ধ ঘর, চিলেকোঠা বা সিঁড়ির নিচের মতো অন্ধকার জায়গায় বিশেষ এক ধরনের মেটে বা ভ্যাপসা গন্ধ পাওয়া যেতে পারে। সাপ যখন কোনো নির্দিষ্ট জায়গায় দীর্ঘক্ষণ বিশ্রাম নেয়, তখন তাদের শরীর থেকে এই বিশেষ গন্ধ ছড়ায়। ঘর ভালোভাবে পরিষ্কার করার পরেও যদি কোনো বিশেষ কোণ থেকে এই বিশ্রী গন্ধ না কাটে, তবে বিষয়টিকে হালকাভাবে নেবেন না।
৫. ফুসফুস শব্দ ও নতুন গর্ত
মেঝের ফাঁক বা ড্রেন থেকে হঠাৎ ফুসফুস শব্দ কিংবা বাড়ির আশপাশে সদ্য তৈরি হওয়া ছোট গর্ত হেলাফেলা করবেন না। বর্ষার দিনে শুকনো আশ্রয়ের খোঁজে কালাচ বা গোখরোর মতো বিষধর সাপ ঘরের নিচতলায় ঢুকে লুকিয়ে বসে থাকে। বিশেষ করে কালাচ সাপ রাতে বেশি সক্রিয় হয় এবং এর কামড়ে তাৎক্ষণিক তীব্র যন্ত্রণা হয় না, তাই আগে থেকেই সতর্ক থাকা একান্ত প্রয়োজন।
জরুরি সুরক্ষা টিপস:
বাড়ির আশেপাশে সাপ রয়েছে বুঝতে পারলে ভয় না পেয়ে শান্ত থাকুন এবং ধীরে ধীরে নিরাপদ দূরত্বে সরে যান।
ঘরের দরজা-জানলার নিচের ফাঁক পুরোপুরি বন্ধ রাখুন এবং নর্দমার মুখে শক্ত জাল বসিয়ে দিন।
ঘরে সাপ দেখতে পেলে নিজে তা ধরার দুঃসাহস না দেখিয়ে দ্রুত বন দফতর বা স্থানীয় স্নেক হেল্পলাইনে খবর দিন।
যদি দুর্ভাগ্যবশত সাপে কাটে, তবে ওঝা বা ঝাড়ফুঁকের চক্করে এক মুহূর্ত সময়ও নষ্ট না করে সরাসরি হাসপাতালে যান।