আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে? অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তায় থাকা মহিলাদের বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আর্থিক সহায়তা নিয়ে দুশ্চিন্তায় থাকা রাজ্যের হাজার হাজার মহিলার জন্য স্বস্তির বার্তা সামনে এল। এখনও পর্যন্ত রাজ্যের ১ কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের ৩ হাজার টাকা পৌঁছে গেলেও, ফর্ম ফিলাপ করার পরেও বহু মহিলা এখনও টাকা পাননি। পোর্টালের স্ট্যাটাস চেক করতে গেলে যাঁদের স্ক্রিনে ‘Under Enquiry’ বা ‘Under Verification’ লেখা ভেসে উঠছে, উত্তরবঙ্গ সফর থেকে তাঁদের টাকা পাওয়ার নির্দিষ্ট দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
কবে টাকা পাবেন বঞ্চিতরা?
এদিন উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, যাঁদের আবেদনপত্র বর্তমানে যাচাইয়ের পর্যায়ে রয়েছে বা স্ক্রিনে ‘আন্ডার এনকোয়ারি’ দেখাচ্ছে, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। আগামী ৩০ অগাস্টের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সমস্ত প্রক্রিয়া মিটলেই যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়মে অন্নপূর্ণা যোজনার বকেয়া ৩ হাজার টাকা পেয়ে যাবেন।
তালিকায় গরমিল ও বিধায়কদের বিশেষ নির্দেশ
প্রশাসন সূত্রে খবর, বহু যোগ্য আবেদনকারীর টাকা আটকে থাকার মূল কারণ হল তালিকার কিছু ত্রুটি। সম্প্রতি এ বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তালিকায় ভুলবশত এমন কিছু নামও ঢুকে পড়েছে যাঁদের পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি এবং নিয়মানুযায়ী তাঁরা এই প্রকল্পের আওতায় পড়েন না। অন্যদিকে, অনেক যোগ্য মহিলার নামও তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এই সমস্যার স্থায়ী সমাধান করতে শুধুমাত্র আমলা বা সরকারি আধিকারিকদের ওপর ভরসা না করে এবার সরাসরি বিধায়কদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন নামগুলো ভুলভাবে যুক্ত হয়েছে এবং কাদের নাম অন্যায়ভাবে বাদ পড়েছে, তার সঠিক তালিকা তৈরি করতে বিধায়কদের আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জায়গায় নতুন সরকার ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ৩০ অগাস্টের নতুন ডেডলাইন ঘোষণার পর থেকে এতদিন ধরে টাকা না পেয়ে বঞ্চিত থাকা মহিলারা এবার দ্রুত আর্থিক সাহায্য পাওয়ার আশায় বুক বাঁধছেন।