বাংলার পালাবদলে বিরাট চমক! ১৫ বছরের ঐতিহ্য ভেঙে অবশেষে গেরুয়া রঙে বদলাল ‘নবান্ন’?

বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাজ্যে বইছে গেরুয়া ঝড়। রাজনৈতিক পালাবদলের সেই হাওয়ার রেশ এবার এসে পড়ল সরাসরি রাজ্যের প্রশাসনিক ভবনেও। দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্যের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘নবান্ন’-এর যে পরিচিত নীল-সাদা রূপ দেখা গিয়েছিল, এবার তাতে লাগল গেরুয়ার ছোঁয়া। অর্থাৎ রাজনৈতিক পালাবদলের আবহেই অবশেষে পরিবর্তিত হল নবান্নের ফলকের রং!

নীল অতীত, জ্বলজ্বল করছে গেরুয়া ফলক
ভোটের ফলপ্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি প্রকল্পের চেনা নীল-সাদা রঙের জায়গায় গেরুয়া প্রলেপ পড়তে শুরু করেছিল। আর এবার খাস প্রশাসনিক ভবন নবান্নেও সেই বদলের হাওয়া লাগল। নতুন সরকারের গঠনের দুই মাসের মাথাতেই সোমবার সকালে নবান্নের চেহারায় এল এই পরিবর্তন।

অবশ্য পুরো প্রশাসনিক ভবনের গায়ে এখনও হাত পড়েনি। আপাতত শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে মূল ‘নবান্ন’ ফলক বা সাইনবোর্ড রয়েছে, তার রঙেই পরিবর্তন আনা হয়েছে। সোমবার সকালেই নজরে আসে যে, পুরনো নীল রং মুছে ফেলে সেখানে এখন সগর্বে জ্বলজ্বল করছে গেরুয়া রঙের ‘নবান্ন’ ফলক।

পুরো নবান্ন কি তবে গেরুয়া হবে?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুরো প্রশাসনিক ভবনটির রঙই নীল-সাদা থেকে বদলে গেরুয়া করা হবে? এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি তরফে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যে পালাবদলের পর যেভাবে বিভিন্ন জায়গায় নীল-সাদা রং মুছে গেরুয়া রঙে রাঙানোর হিড়িক পড়েছে, তাতে আগামী দিনে গোটা নবান্নের রঙ বদলে যাওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্কুল ইউনিফর্ম নিয়েও বড় সিদ্ধান্ত
উল্লেখ্য, প্রশাসনিক এই পরিবর্তনের পাশাপাশি শিক্ষাজগতেও বড়সড় সিদ্ধান্তের পথে হেঁটেছে নতুন সরকার। দিন কয়েক আগেই শুভেন্দু-সরকার ঘোষণা করেছে, সরকারি স্কুলগুলির ইউনিফর্মের রঙেও আসছে বড় পরিবর্তন।

প্রসঙ্গত, ২০২২ সালে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের ইউনিফর্মের রং বাধ্যতামূলকভাবে নীল-সাদা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক পালাবদলের পরেই শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, আর নয় নীল-সাদা ইউনিফর্ম। আগামী শিক্ষাবর্ষ থেকেই ২০২২ সালের আগের পুরনো নিয়মে ফিরছে স্কুলগুলি। অর্থাৎ প্রতিটি স্কুল তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পুরনো পোশাকের রঙেই ছাত্রছাত্রীদের পাঠদান নিশ্চিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *