মধ্যরাতে হাওড়া ব্রিজে এ কী কাণ্ড! মণি রত্নমের ছবির শুটিংয়ে কলকাতায় ঝড় তুললেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী!

২৩ বছর পর ফের তিলোত্তমায় পরিচালক মণি রত্নম। তাঁর আগামী প্যান-ইন্ডিয়া ছবির শুটিংয়ের জন্য ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি এবং জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। গত শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর প্রায় চারটে পর্যন্ত হাওড়া ব্রিজের ওপর চলল এই মেগাছবির রাতভর শুটিং।

শনিবার রাতের নিস্তব্ধতা ভেঙে হাওড়া ব্রিজজুড়ে দেখা মিলেছে ছবির বিশাল ইউনিটের। লাল পোশাকে সাই পল্লবী এবং কালো টি-শার্ট ও জিন্সে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন বিজয় সেতুপতি। কখনও ব্রিজের ওপর হেঁটে শট দিচ্ছেন, আবার কখনও পরিচালক মণি রত্নম নিজে এসে বুঝিয়ে দিচ্ছেন দৃশ্যের নানা খুঁটিনাটি। ছবির নাম ও অন্যান্য বিশদ বিবরণ এখনও নির্মাতাদের পক্ষ থেকে গোপন রাখা হলেও, এই শুটিং ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

কলকাতায় ১৫ দিনের শুটিং শিডিউল:
গত ২২ জুলাই বিশেষ কাজে ও শুটিংয়ের প্রস্তুতি নিতে কলকাতায় পা রাখেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি। এর আগে প্রায় এক মাস আগে শহরে এসে রেইকি করে যান পরিচালক মণি রত্নম স্বয়ং। জানা গিয়েছে, আগামী ১৫ দিন কলকাতার বিভিন্ন আইকনিক লোকেশনে চলবে এই ছবির কাজ। হাওড়া ব্রিজ ছাড়াও টেকনিশিয়ান্স স্টুডিও, পার্ক স্ট্রিট, বেলগাছিয়া রাজবাড়ি এবং কুমোরটুলির মতো এলাকায় শুটিং হওয়ার কথা রয়েছে। এছাড়া বেলগাছিয়ায় চিত্রনাট্যের মহড়াও সেরে নিয়েছেন কলাকুশলীরা।

সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই ছবিতে প্রধান জুটির পাশাপাশি টলিউডের একাধিক চেনা মুখকে দেখা যাবে। গুঞ্জন শোনা যাচ্ছে, ছবিতে অভিনয় করতে চলেছেন দুর্নিবার শর্মা এবং অরিজিতা মুখোপাধ্যায়ের মতো শিল্পীরাও। এর আগে ২০০৪ সালে ‘যুবা’ ছবির শুটিংয়ের সুবাদে কলকাতায় এসেছিলেন মণি রত্নম। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তাঁর এই নতুন প্রজেক্ট ঘিরে বাংলা চলচ্চিত্রের অনুরাগীদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *