সিজেপি-র প্রতিবাদের জেরে ফের ব্যাপক কড়াকড়ি! আজ শুক্রবারও বন্ধ দিল্লির ১৭টি মেট্রো স্টেশন

ককরোচ জনতা পার্টি (CJP)-র চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে চরম নিরাপত্তা কড়াকড়ি জারি করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দিল্লির মোট ১৭টি মেট্রো স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্টেশনগুলিতে যাত্রীদের কোনো ধরনের প্রবেশ ও প্রস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
কোন কোন স্টেশনগুলি বন্ধ থাকছে?
ডিএমআরসি (DMRC)-র নির্দেশিকা অনুযায়ী, আজ যে স্টেশনগুলির গেট বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে—
লোক কল্যাণ মার্গ
রাজীব চক
প্যাটেল চক
রামকৃষ্ণ আশ্রম মার্গ
বারখাম্বা রোড
সুপ্রিম কোর্ট
সেবা তীর্থ
জনপথ
মান্ডি হাউস
সেন্ট্রাল সেক্রেটারিয়েট
আইটিও
দিল্লি গেট
ইন্দ্রপ্রস্থ
খান মার্কেট
জোর বাগ
শিবাজি স্টেডিয়াম
ঝান্ডেওয়ালান
তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ১৭টির মধ্যে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে শুধুমাত্র ইন্টারচেঞ্জ (লাইন পরিবর্তন) পরিষেবা চালু থাকবে। অর্থাৎ, যাত্রীরা এই স্টেশনগুলিতে নেমে অন্য লাইনের ট্রেন ধরতে পারবেন, কিন্তু স্টেশনের বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই পরিস্থিতিতে যাত্রীদের যথাসম্ভব বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশিকা জারি করা হবে।
লাগাতার মেট্রো বন্ধ থাকায় তীব্র ভোগান্তি
উল্লেখ্য, সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে গত বুধবার ও বৃহস্পতিবারও এই মেট্রো স্টেশনগুলি দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা হয়েছিল। যার জেরে মধ্য দিল্লিতে যাতায়াতকারী অফিসযাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়।
বৃহস্পতিবার টানা প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যায় সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস ও রাজীব চকের প্রবেশপথ কিছুটা খোলা হলেও বাকি স্টেশনগুলি বন্ধই থাকে। তীব্র যানজট ও মেট্রো বন্ধ থাকার কারণে অনেক যাত্রীকে শেষ মুহূর্তে যাতায়াতের পরিকল্পনা বদলাতে হয় এবং বাধ্য হয়ে সড়ক পরিবহনের ওপর ভরসা রাখতে হয়। এর আগে গত সোমবারও প্রতিবাদের জেরে পাঁচটি মেট্রো স্টেশন বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। আজ শুক্রবার সাপ্তাহিক কর্মদিবসে ফের এই কড়াকড়ির ফলে সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের প্রভাব পড়েছে।