ইডি-র জরিমানা খারিজ হতেই বড় স্বস্তি! দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে কি তবে দেশে ফিরছেন ললিত মোদি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে এক বড় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আইনি বাধা কাটিয়ে প্রায় ১৬ বছর পর তাঁর ভারতে ফিরে আসার জল্পনা ও জল্পনা উস্কে দিয়ে স্বয়ং ললিত মোদি নিজেই সামাজিক মাধ্যমে বড় ইঙ্গিত দিয়েছেন।

ঠিক কী রায় দিয়েছে আপিল ট্রাইব্যুনাল?

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএল টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) বা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ললিত মোদির বিরুদ্ধে কোটি কোটি টাকার জরিমানা ধার্য করেছিল। দীর্ঘদিন ধরে সেই মামলা চলছিল।

তবে সম্প্রতি আপিল ট্রাইব্যুনাল (SAFEMA Tribunal) ললিত মোদির পক্ষে রায় দিয়ে ইডি-র বেশিরভাগ সিদ্ধান্ত এবং জরিমানার নির্দেশ বাতিল করে দিয়েছে। আদালতের এই রায়ের ফলে ললিত মোদির বিরুদ্ধে থাকা প্রধান আইনি বাধাগুলি অনেকটাই কেটে গেছে। ট্রাইব্যুনালের এই রায়কে নিজের দীর্ঘ ১৬ বছরের লড়াইয়ের নৈতিক জয় বলে উল্লেখ করেছেন তিনি।

কী বললেন ললিত মোদি?

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ নিজের স্বস্তির কথা প্রকাশ করে আবেগপ্রবণ ললিত মোদি লিখেছেন, “হ্যাঁ, আমি অবশেষে আমার দেশে ফেরার অপেক্ষায় আছি। আশা করি ভারতেই দারুণভাবে দীপাবলি উদযাপন করতে পারব। ২০১০ সালের ১২ মে ভারত ছাড়ার পর পুরনো বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সত্যমেব জয়তে।”

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসে ভারত ছেড়ে লন্ডনে চলে যাওয়ার পর থেকে তিনি ভারতেই আর পা রাখেননি। যদিও তাঁর স্থায়ী বাসস্থান লন্ডনই থাকবে বলে তিনি জানিয়েছেন, তবুও প্রায় দেড় দশক পর নিজের জন্মভূমিতে ফিরে আসার এই সম্ভাবনায় ক্রিকেট মহলে ইতিমধ্যেই প্রবল কৌতূহল ও চর্চা শুরু হয়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *