মোবাইলের ব্যাটারিতে কামড় দিতেই ভয়াবহ বিস্ফোরণ! মুখের নিম্নভাগ উড়ে মর্মান্তিক মৃত্যু দ্বাদশ বর্ষীয় বালকের

খেলার সময় শিশুদের সামান্য অসাবধানতা কতটা মারাত্মক এবং জীবনঘাতী হতে পারে, তার এক হৃদয়বিদারক ও ভয়াবহ উদাহরণ সামনে এল তেলেঙ্গানা থেকে। রাজ্যের কোমুরাম ভীম আসিফাবাদ জেলার চিন্তালমানপল্লি মণ্ডলের গুডেম গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। মোবাইল ফোন থেকে খুলে নেওয়া একটি ছোট ব্যাটারিতে কামড় দেওয়ার জেরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে মাত্র ১২ বছরের এক বালক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
ঠিক কী ঘটেছিল সেদিন?
গুডেম গ্রামের বাসিন্দা নিকাদি সারদা ও গণেশের ১২ বছরের ছেলে নিকাদি লোকেশ স্থানীয় একটি সরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার দিন বৃষ্টির কারণে সে স্কুলে যায়নি। বিকেলে তার বাবা-মা যখন মাঠে কৃষিকাজের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুপুরের খাবার খাওয়ার সময় লোকেশ খেলার ছলে বাড়ির একটি পুরোনো কিপ্যাড মোবাইল ফোন থেকে ছোট্ট একটি ব্যাটারি খুলে বের করে। এরপর শিশুসুলভ চপলতায় সে সেটি মুখে পুড়ে দিয়ে দাঁত দিয়ে কামড়ে পিষে ফেলার চেষ্টা করে। আর সেই মুহূর্তেই ঘটে যায় বিপর্যয়। প্রচণ্ড শব্দে ব্যাটারিটি বোমার মতো ফেটে যায় এবং বিস্ফোরিত হয়ে শিশুটির মুখ, গাল ও চোয়ালের অংশ সম্পূর্ণ ছিন্নভিন্ন করে দেয়।
হাসপাতালে পৌঁছানোর আগেই মর্মান্তিক পরিণতি
হঠাৎ এই বিকট শব্দ শুনে বাবা-মা ছুটে এসে দেখেন তাঁদের সন্তানের এই ভয়াবহ অবস্থা। শিশুটির চোখ ও কপাল ছাড়া মুখের নিচের পুরো অংশ রক্তে ভেসে যাচ্ছে। হতবাক ও দিশেহারা হয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ছোটেন, কিন্তু পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির মৃত্যু হয়। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অপমৃত্যুর মামলা রুজু করেছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
বিশেষজ্ঞদের কঠোর সতর্কতা ও পরামর্শ
এই ভয়াবহ ঘটনার পর চিকিৎসকরা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা অভিভাবকদের অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন। তাঁরা জানিয়েছেন:
মোবাইল ফোন, রিমোট, ফ্ল্যাশলাইট বা চার্জিং ডিভাইসে ব্যবহৃত লিথিয়াম বা রিচার্জেবল ব্যাটারিতে কামড় পড়লে, অতিরিক্ত চাপ লাগলে কিংবা ফুটো হয়ে গেলে ভেতরের রাসায়নিক পদার্থ বাতাসের সংস্পর্শে এসে তৎক্ষণাৎ তীব্র বিক্রিয়া ঘটিয়ে বিস্ফোরিত হতে পারে।
শিশুদের কখনোই কোনো ধরনের পুরোনো বা খোলা ব্যাটারি, মোবাইল ফোন, রিমোট বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে খেলতে দেওয়া উচিত নয়।
এই ধরনের বিপজ্জনক ও দাহ্য বস্তু সবসময় ছোট শিশুদের নাগালের সম্পূর্ণ বাইরে রাখা অত্যন্ত জরুরি।