বিদেশি অনুদানে আরও কড়াকড়ি! স্বচ্ছতা আনতে বড় সংশোধনী আনল কেন্দ্র, জানুন এফসিআরএ-র নতুন নিয়ম

বিদেশি অনুদান সংক্রান্ত নিয়মগুলিকে আরও বেশি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তুলতে নতুন সংশোধনের প্রস্তাব এনেছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদেশি অনুদান গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা এই সংশোধনীর উদ্দেশ্য নয়, বরং সেই অর্থের সঠিক ও সৎ ব্যবহার সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
কেন্দ্রের স্পষ্ট বার্তা, প্রকৃত সমাজসেবামূলক কাজের পথ মসৃণ রেখেই ভিনদেশি তহবিলের অপব্যবহার কঠোরভাবে রোধ করা হবে। বর্তমানে বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ সংসদের বিবেচনাধীন রয়েছে।
নতুন সংশোধনীতে কী কী নিয়ম আনা হচ্ছে?
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, বিদেশি অনুদান পেতে ইচ্ছুক সমস্ত সংস্থাকে বেশ কিছু কড়া নিয়মের বেড়াজালে আসতে হবে:
বাধ্যতামূলক এফসিআরএ নিবন্ধন: বিদেশি অনুদান গ্রহণকারী প্রতিটি সংস্থাকে আবশ্যিকভাবে এফসিআরএ (FCRA)-র অধীনে রেজিস্টার্ড বা নিবন্ধিত হতে হবে।
নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট: সমস্ত ধরনের বিদেশি অনুদান শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বা নির্ধারিত মাধ্যমেই গ্রহণ করতে হবে।
হিসাব নিরীক্ষা জমা: অনুদান গ্রহণকারী সংস্থাকে প্রতি বছর অনুদানের উৎস (Source) এবং খরচের সঠিক অডিট বা নিরীক্ষিত হিসাব নিয়মিত জমা দিতে হবে।
কাজের বিবরণ ও রাজ্যভিত্তিক রূপরেখা: সংস্থাগুলিকে আগে থেকেই স্পষ্ট করে জানাতে হবে যে তারা কোন নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করবে এবং ভারতের কোন কোন রাজ্যে তাদের কাজের পরিধি থাকবে।
খরচের প্রমাণপত্র: নিবন্ধন নবীকরণের (Renewal) জন্য সংশ্লিষ্ট সংস্থাকে গত দুই বছরের মধ্যে অন্তত ১০ লক্ষ টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার উপযুক্ত প্রমাণ দেখাতে হবে।
প্রকল্পভিত্তিক তথ্য প্রকাশ: প্রতিটি প্রকল্পের ব্যয়ের বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক করা হচ্ছে।
আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য
কেন্দ্রের দাবি, এই নীতিগত পরিবর্তনের ফলে বিদেশি অনুদানের অপব্যবহার এবং কালো টাকা পাচারের মতো ঘটনা রোধ করা অনেকটাই সহজ হবে। এর পাশাপাশি, প্রকৃত সমাজসেবা ও জনকল্যাণমূলক সংস্থাগুলির কাজের স্বচ্ছতা আরও বাড়বে। সরকার আরও জানিয়েছে যে, শুধু ভারত নয়, আমেরিকা, যুক্তরাজ্য ও কানাডার মতো একাধিক উন্নত দেশেও বিদেশি অর্থায়নের ক্ষেত্রে এই ধরনের অত্যন্ত কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থা চালু রয়েছে।