হু হু করে বাড়ছে সোনা ও রুপোর দাম!, জেনেনিন আজকের রেট কত?

চলতি সপ্তাহের শুরু থেকেই দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে লাগাতার ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম। সোমবার সামান্য বৃদ্ধির পর থেকেই রকেটের গতিতে ছুটছে এই দুই মূল্যবান ধাতুর দর। মাত্র দুদিনের ব্যবধানে দেশীয় বাজারে ১ কেজি রুপোর দাম ৭,৭০০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ২,০০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশ্ববাজারে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের সোনার প্রতি ঝোঁক বাড়ার ফলেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রুপোর বাজারে বড় লাফ

ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষ লেনদেনের দিন শুক্রবার যেখানে ১ কেজি রুপোর দাম ছিল ২,১৫,৪৭৪ টাকা, তা মঙ্গলবার বাজার বন্ধের সময় ২,২৩,২০৪ টাকায় পৌঁছায়। অর্থাৎ, একদিনেই প্রতি কেজিতে ৩,৬২৯ টাকা এবং মাত্র দুদিনের মধ্যে মোট ৭,৭৩০ টাকা বেড়েছে রুপোর দাম। পাশাপাশি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও (MCX) ৪ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ ১ কেজি রুপোর দাম ৫,৮০০ টাকা বেড়ে ২,২৪,২০০ টাকায় লেনদেন হয়েছে।

সোনার দামে রেকর্ড পরিবর্তন

রুপোর সঙ্গে তাল মিলিয়ে চড়চড় করে বাড়ছে সোনার দামও। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৪২,২৫৪ টাকায় বন্ধ হলেও, তা বেড়ে দেশীয় বাজারে প্রতি ১০ গ্রামে ১,৪৩,১৩৭ টাকায় পৌঁছায়। গত সপ্তাহের শেষ দিনের তুলনা করলে দুই দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৯৭৮ টাকা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারেও (Comex) এর প্রভাব স্পষ্ট; কোমেক্সে সোনার ফিউচার ১.১৭% বেড়ে প্রতি আউন্স প্রায় ৪,১২৪ ডলারে এবং রুপোর দাম ১.৭০% বেড়ে প্রতি আউন্স ৬০.১১৫ ডলারে পৌঁছেছে। দিল্লিতে আজ সোনা প্রতি ১০ গ্রামে ৮০০ টাকা বেড়ে ১.৪৭ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।

কলকাতার বাজারে সোনা ও রুপোর আজকের দর:

কলকাতার বুলিয়ন বাজার সূত্রে আজকের সোনা ও রুপোর যে নতুন দাম সামনে এসেছে, তা নিম্নরূপ:

  • ২৪ ক্যারেট সোনা (৯৯.৯% বিশুদ্ধতা): প্রতি গ্রাম ১৪,৬৫১ টাকা (গতকালের তুলনায় গ্রামপ্রতি ২২৯ টাকা বৃদ্ধি)।

  • ২২ ক্যারেট সোনা (৯১.৬% বিশুদ্ধতা): প্রতি গ্রাম ১৩,৪৩০ টাকা (গতকালের তুলনায় গ্রামপ্রতি ২১০ টাকা বৃদ্ধি)।

  • ১৮ ক্যারেট সোনা (৭৫% বিশুদ্ধতা): প্রতি গ্রাম ১০,৯৮৮ টাকা (গতকালের তুলনায় গ্রামপ্রতি ১৭২ টাকা বৃদ্ধি)।

  • রুপো: প্রতি গ্রাম ২৪০ টাকা এবং প্রতি কিলোগ্রাম ২,৪০,০০০ টাকা (কেজিতে ৫,০০০ টাকা বৃদ্ধি)।

সোনা-রুপোর দাম হঠাৎ কেন আকাশছোঁয়া?

বিশেষজ্ঞদের মতে, এই দাম বৃদ্ধির পিছনে প্রধান কারণ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকির মুখে লোহিত সাগরে তেল ট্যাঙ্কার চলাচলের পথ পরিবর্তনের ঘটনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ফলে বিনিয়োগকারীরা স্টক মার্কেট বা অন্যান্য ঝুঁকিপূর্ণ ক্ষেত্র ছেড়ে সোনার মতো নিরাপদ আশ্রয়ে বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন।

(উল্লেখ্য, IBJA ওয়েবসাইটের এই দর সারা দেশে প্রায় একই থাকে। তবে গয়না বা অলংকার কেনার সময় এর সঙ্গে জিএসটি (GST) এবং মেকিং চার্জ বা তৈরির খরচ যুক্ত হয়, যা বিভিন্ন শহর বা জহুরি ভেদে আলাদা হতে পারে।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *