মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও একজনকে চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বঙ্গোপসাগরে ‘জয় মা কালী’ ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় নিহত পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের পরিবারের জন্য বড়সড় আর্থিক সাহায্য ও পুনর্বাসনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সিকিমের টানেল ধসে প্রাণ হারানো বাংলার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও ঘোষণা করেছেন তিনি। বুধবার বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে এই দুটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী।

ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি

গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে দুর্ঘটনাগ্রস্ত হয়ে উল্টে যায় ‘জয় মা কালী’ নামের একটি ট্রলার। দীর্ঘ তল্লাশির পর ওড়িশার বালাসোর ও বাংলার একাধিক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। বাংলার নিহত মৎস্যজীবীরা মূলত হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা।

বিধানসভায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “টাকা দিয়ে কখনও মানুষের মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, তবে সরকারের একটা মানবিক দায়িত্ব থেকেই যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মৃত বাংলার মৎস্যজীবীদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি, তাঁদের পরিবারের অন্তত একজনকে স্থানীয় থানায় সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়া হবে।” আগামী রবিবার রামনগর-১ ব্লকের প্রশাসনিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পরিবারগুলির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সিকিমে টানেল ধসে মৃত শ্রমিকদের পাশে রাজ্য সরকার

পাশাপাশি, সিকিমে টানেল ধসে জলপাইগুড়ির যে শ্রমিকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সিকিম থেকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ সিনহা, মন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরাকে ইতিমধ্যেই সিকিমে পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ১০টি মরদেহের মধ্যে ৫ জন জলপাইগুড়ির বাসিন্দা। বাকিদের উদ্ধারে এনডিআরএফ (NDRF), সেনা এবং সিকিম সরকার যৌথভাবে কাজ করছে। সিকিমে নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকেও সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাঁদের মৃতদেহ সসম্মানে বাংলায় ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার বহন করবে বলে বুধবার বিধানসভায় স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *