E 20-পেট্রোলে কি সত্যিই গাড়ির ইঞ্জিন নষ্ট হচ্ছে? সব জল্পনা উড়িয়ে দিল কেন্দ্র

গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে পেট্রোলে ইথানল মেশানো অর্থাৎ E20 পেট্রোল নিয়ে জোরদার বিতর্ক চলছে। চালকদের অনেকেরই দাবি, এই পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে বা যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের এই জল্পনা ও চর্চা এবার গড়িয়েছে সরাসরি সংসদ ভবনে। এই বিষয়ে রাজ্যসভায় লিখিত জবাব দিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী

রাজ্যসভায় কেন্দ্রের স্পষ্ট জবাব

সোমবার রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান যে, দেশে ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক নামী প্রতিষ্ঠান ও সংস্থা:

  • নীতি আয়োগ (NITI Aayog)

  • অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)

  • সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)

  • ইন্ডিয়ান অয়েল ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম

  • তেল বিপণনকারী সংস্থা এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি।

ইঞ্জিন ও যন্ত্রাংশ ক্ষতি নিয়ে কী জানাল সরকার?

সোশ্যাল মিডিয়ায় চলা নানা গুঞ্জন ও উদ্বেগকে উড়িয়ে দিয়ে সরকার জানিয়েছে, E20 পেট্রোলের কারণে ইঞ্জিন বিকল হওয়া, ফুয়েল পাম্পের সমস্যা, মরচে পড়া বা মাইলেজ কমে যাওয়ার মতো কোনও সুনির্দিষ্ট ও বড় ধরনের প্রমাণ মেলেনি। গাড়ি প্রস্তুতকারী সংস্থা বা গ্রাহক সংগঠনগুলোর কাছ থেকেও এমন কোনো বড় অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা পড়েনি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে:

  • সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় উত্থাপিত প্রশ্নগুলি বৈজ্ঞানিকভাবে তদন্ত করে দেখা হয়েছে। ল্যাব টেস্ট ও ফিল্ড ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে E20 পেট্রোল সম্পূর্ণ নিরাপদ।

  • গত সাড়ে তিন বছর ধরে দেশের ২০ কোটিরও বেশি দু-চাকার যান এবং ৩ কোটিরও বেশি চার-চাকার গাড়ি E15+ পেট্রোলে চলছে। পাশাপাশি E19 এবং E20 পেট্রোলও আড়াই বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে।

  • সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বিষয়ে রাজ্যভিত্তিক বড় কোনো যান্ত্রিক ত্রুটির অভিযোগের সংখ্যা কার্যত শূন্য

ইথানল মিশ্রণের দ্রুত অগ্রগতি

গত এক দশকে ভারতে পেট্রোলে ইথানল মেশানোর হার অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে:

  • ২০১৩-১৪ সালে এই মিশ্রণ ছিল মাত্র ১.৫৩ শতাংশ

  • ২০২০-২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৮.১ শতাংশ-এ।

  • ২০২১-২২ সালে ১০%, ২০২২-জুন ২০২৩-এ ১২% এবং ২০২৩-২৪ সালে তা পৌঁছে যায় ১৪.৬ শতাংশ-এ।

  • ২০২৪-২৫ সালে ইথানল মিশ্রণের হার পৌঁছয় ১৯.২ শতাংশ-এ।

  • পরিশেষে, ২০২৫-২৬ সালের নভেম্বর থেকে জুনের মধ্যেই ভারত পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের টার্গেট অর্জন করে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় পাঁচ বছর আগেই সফল হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভবিষ্যতে ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়নি। সরকার পরিষ্কার জানিয়েছে, আগামী দিনে এ বিষয়ে কোনো পদক্ষেপ করা হলে তা সম্পূর্ণ বৈজ্ঞানিক অনুসন্ধান, গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা এবং সমস্ত প্রয়োজনীয় পরীক্ষার পরেই করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *