বিয়েবাড়িতে ৭ দিন ধরে ডাক্তারদের ডিউটি! সরকারি স্বাস্থ্য শিবিরের নামে ভুরিভুরি অনিয়ম

বিয়েবাড়ি থেকে শুরু করে রাতের আলোর খেলা দেখতে বসা—বিভিন্ন অকারণে সরকারি স্বাস্থ্য শিবিরের নামে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি দেওয়ার মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলল চিকিৎসকদের সংগঠন। খরা, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি বাদ দিয়ে এমন অর্থহীন মেডিক্যাল ক্যাম্প অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে সরাসরি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস।
ঠিক কী অভিযোগ উঠেছে?
সংগঠনের সম্পাদক ডা. উৎপল বন্দ্যোপাধ্যায় bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরের নামে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী পাঠানোর এই প্রবণতা একবারে বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গেছে।
তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন,
“কার্শিয়াঙে একটা বিয়েবাড়ি হয়েছে, সেখানে সাত দিন ধরে শিলিগুড়ি ও কার্শিয়াঙের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সারাদিন ধরে রাউন্ড দ্য ক্লক ডিউটি দিতে হয়েছে। এমনকি কলকাতাতেও এমন ঘটনা ঘটেছে। বিয়ে বাড়িতে পর্যন্ত মেডিক্যাল ক্যাম্প দিতে হবে—এমন নির্দেশ আসে বিএমওএইচ ও সিএমওএইচ-এর কাছে।”
শুধু তাই নয়, সম্প্রতি রবিবার রাতে বসিরহাটে খোলা আকাশের নিচে ম্যাচ বা খেলা দেখার সময়ও অপ্রয়োজনীয়ভাবে মেডিক্যাল ক্যাম্প করার খবর সামনে এসেছে, যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অলসভাবে বসে থাকতে বাধ্য করা হয়েছে।
হাসপাতালে মিলছে না পরিষেবা
ডা. বন্দ্যোপাধ্যায়ের মতে, এই ধরনের কাজ সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য। কারণ, এই সমস্ত খামখেয়ালি ক্যাম্পে ডিউটি দেওয়ার ফলে চিকিৎসকরা তাঁদের আসল কর্মস্থল অর্থাৎ হাসপাতালেই সময়মতো উপস্থিত থাকতে পারছেন না। এর জেরে সাধারণ রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে:
-
অবিলম্বে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP) তৈরি করতে হবে, যা নির্ধারণ করবে ঠিক কোথায় এবং কোন পরিস্থিতিতে মেডিক্যাল ক্যাম্প করা যাবে।
-
যখন-তখন যেখানে-খুশি সরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এভাবে ব্যবহার বা হেনস্থা করা বন্ধ করতে হবে।
-
চিকিৎসা পরিষেবা মূলধারার হাসপাতালেই দেওয়া উচিত এবং খরা, বন্যা বা প্রকৃত দুর্যোগ ছাড়া অন্য কোনো ব্যক্তিগত বা সামাজিক অনুষ্ঠানে সরকারি স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।
যদিও স্বাস্থ্য শিবিরের অপব্যবহারের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্যভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।