‘ককরোচ জনতা দল’-এর দিল্লি দখল অভিযান! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জে উত্তাল যন্তর মন্তর

সোমবার দুপুরে ‘ককরোচ জনতা দল’-এর সংসদ অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজধানীর যন্তর মন্তর এলাকা। সংসদ ভবনের দিকে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
সূত্রের খবর, এদিন মিছিলটি যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে রওনা হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের দাবি, এই মিছিলের জন্য বিক্ষোভকারীদের কাছ থেকে কোনও পূর্বানুমতি নেওয়া হয়নি। এমনকি মিছিলটি যন্তর মন্তরের নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া যাবে না বলেও আগে থেকে সতর্ক করা হয়েছিল।
কিন্তু পুলিশের সেই নির্দেশ অমান্য করেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। অভিযোগ, এই সময় বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাল্টা লাঠি ছুঁড়তে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স দফায় দফায় লাঠিচার্জ শুরু করে।
এই মুহূর্তে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনায় একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা থাকায় ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলের ওপরও বিধিনিষেধ জারি করা হয়েছে।