‘কালীঘাট তৃণমূল’-এর ২১ জুলাইতে দেখা যাবে কোন কোন তারকাদের? জেনেনিন আপডেট

রাজনীতির পটপরিবর্তনের পর ২০২৬-এর ২১ জুলাইয়ের মঞ্চ কার্যত ফ্যাকাসে। একদিকে যেমন প্রভাবশালী নেতাদের দলবদল, অন্যদিকে টলিউডের তারকাদের মোহভঙ্গ—সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এবারের ২১ জুলাইয়ের সমাবেশে সেই চেনা জৌলুস অনেকটাই ম্লান। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তৃণমূলের সঙ্গ ছাড়েননি ছোটপর্দার জনপ্রিয় মুখ ময়না বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী অভিনেতা অর্ণব।
কী বলছেন ময়না? দীর্ঘদিন দলের সুসময়ে পরিচিত মুখদের আড়ালে থাকলেও, দুঃসময়ে দলের পাশে দাঁড়িয়ে ময়না মুখ খুললেন ‘আজ তক’-এর কাছে। তিনি সাফ জানান, এবারের সমাবেশের মূল উদ্দেশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কর্মীদের কাছে পৌঁছে দেওয়া। ময়না বলেন, “আমরা বেইমান নই, তাই এই কঠিন সময়েও তৃণমূলের পাশে আছি। সুসময়ে হয়তো মঞ্চে আমাদের জায়গা হয়নি, কিন্তু দুঃসময়ে আমরা দিদি ও অভিষেক দার পাশে।”
দলত্যাগীদের প্রতি ক্ষোভ: একসময় তারকাদের ভিড়ে যে দল ভরে থাকত, সেই তারকাদের দলবদল নিয়ে ময়নার গলায় স্পষ্ট বিরক্তি। তিনি কোনো রাখঢাক না করেই বলেন, “তারকা দিয়ে দল চলে না, দল চলে কর্মীদের দিয়ে। যারা আজ দল ছেড়েছেন, তারা আসলে সুবিধাবাদী। স্বার্থ চরিতার্থ করতেই তারা রাজনীতিতে এসেছিলেন। আজ তাদের স্বার্থ না মেলায় তারা দল ছাড়ছে, যা এখন প্রমাণিত।”
সমাবেশের প্রস্তুতি: কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনেই ক্যাথিড্রাল রোডের কাছে ২১ জুলাইয়ের কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে ‘কালীঘাট তৃণমূল’। আজকের এই সমাবেশের মূল আকর্ষণ ও বক্তা হিসেবে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সংকটের মুহূর্তে ময়না বন্দ্যোপাধ্যায়ের এই অনড় অবস্থান রাজনৈতিক মহলে যেমন চর্চার বিষয়, তেমনই দলের কর্মীদের মনোবল বৃদ্ধিতে এই বার্তা কতটা কাজ দেয়, তা এখন দেখার বিষয়।