ক্যান্সারের কাছে হার মানলেন টোটা রায় চৌধুরীর বাবা, শোকস্তব্ধ টলিউড

ফের শোকের ছায়া টলিউড ইন্ডাস্ট্রিতে। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায় চৌধুরী। বয়স হয়েছিল ৮৪ বছর। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সব লড়াই শেষ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান এই মানুষটি।
কিভাবে জানাজানি হলো অসুস্থতার কথা?
পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যান্সারের চতুর্থ পর্যায়ে (Stage 4) আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘ দিন অসুস্থতা থাকলেও পরিবারের সদস্যরা বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। অভিনেতার স্ত্রী শর্মিলী রায়চৌধুরী জানান, শিরদাঁড়া বেঁকে যাওয়া এবং অসহ্য পিঠের ব্যথার কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষার পর মারণ রোগের কথা জানতে পারেন চিকিৎসকরা। ৩ দিন হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জন্মদিনের ঠিক পরের দিনই এই দুর্ঘটনা
টোটা রায় চৌধুরীর জন্মদিনের ঠিক পরের দিনই বাবার মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে অভিনেতা ও তাঁর পরিবারে। গত সপ্তাহেই ছেলের জন্মদিনে বাবার আশীর্বাদ নিয়েছিলেন টোটা। কিন্তু সেই স্মৃতিই এখন শেষ স্মৃতি হয়ে রইল। বাবার মৃত্যুর পর অভিনেতা বর্তমানে ভীষণভাবে ভেঙে পড়েছেন। আপাতত তিনি সমস্ত শুটিং ও কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতেই থাকছেন।
আগামী ২২ জুলাই সমস্ত নিয়ম মেনে বাবার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন অভিনেতা। এই কঠিন সময়ে টোটার পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।