ইতিহাসে প্রথমবার ফুটবল বিশ্বকাপে সুপার বোল স্টাইল হাফটাইম শো! শাকিরা-বিবারদের নিয়ে মেগা ধামাকা ফিফার!

আগামী ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে বিশ্বসেরা দুই দল যখন ট্রফির জন্য লড়াইয়ে নামবে, তখন মাঠের ভেতরের উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিতে স্টেডিয়ামে বসতে চলেছে চাঁদের হাট। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার যুক্ত হতে চলেছে আমেরিকার ‘সুপার বোল’ স্টাইলের ব্লকবাস্টার ‘হাফটাইম শো’। পপ তারকা জাস্টিন বিবার, গ্লোবাল সেনসেশন বিটিএস (BTS) থেকে শুরু করে পপ কুইন শাকিরা— বিশ্বের তাবড় তাবড় সঙ্গীতশিল্পীরা কাঁপাতে আসছেন নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ক্লোজিং সেরেমনি ও ফাইনাল ম্যাচটি কেবল ফুটবলের আসর থাকবে না, এটি পরিণত হতে চলেছে খেলাধুলা ও বিশ্বমানের বিনোদনের এক অভূতপূর্ব ফিউশনে। ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় রাত ১১টায় শুরু হলেও, স্টেডিয়ামে আসল বিনোদনের উৎসব শুরু হয়ে যাবে রাত সাড়ে ৯টা থেকেই। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর ১৬টি শহরে ৪৮টি দলের এই ঐতিহাসিক সফরকে উদযাপন করতেই সাজানো হয়েছে এই মেগা আয়োজন।

সমাপ্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ কারা?

পোস্ট ম্যালোন (Post Malone): গ্র্যামি-মনোনীত এই বিশ্বখ্যাত র‍্যাপার ও গায়ক থাকছেন প্রি-ম্যাচ ক্লোজিং চরমেনির মূল তারকা হিসেবে।

জেনিফার হাডসন (Jennifer Hudson): বিশ্বখ্যাত ইজিওটি (EGOT) জয়ী এই তারকা ফাইনাল শুরুর আগে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন।

ইতিহাসের প্রথম ‘হাফটাইম শো’ এবং শাকিরা ম্যাজিক:
খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর মাঝের বিরতিতে (Halftime) স্টেডিয়ামকে কনসার্ট থিয়েটারে রূপ দিতে কোমর বেঁধে নেমেছে ফিফা। এই ঐতিহাসিক হাফটাইম শোর কিউরেটর বা প্রধান সংগঠক হিসেবে থাকছেন ‘কোল্ডপ্লে’ (Coldplay)-র লিড সিঙ্গার ক্রিস মার্টিন। তাঁর সাথে মঞ্চ শেয়ার করবেন:

জাস্টিন বিবার (Justin Bieber): বহু বছর পর মেগা গ্লোবাল স্টেজে পারফর্ম করতে দেখা যাবে এই পপ আইকনকে।

শাকিরা (Shakira): ২০১০ সালের ব্লকবাস্টার ফুটবল অ্যান্থেম ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত পপ কুইন শাকিরা আবারও ফিরছেন বিশ্বকাপের মঞ্চে আগুন জ্বালাতে।

বিটিএস (BTS): কোরিয়ান এই পপ ব্যান্ডের উপস্থিতি ফুটবল মাঠের উন্মাদনাকে কোটি কোটি কে-পপ ভক্তদের ঘরে পৌঁছে দেবে।

বার্না বয় (Burna Boy): বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ খ্যাত এই নাইজেরিয়ান তারকাও থাকছেন মেগা লাইনাপে।

এছাড়া ভেনেজুয়েলার বিখ্যাত কন্ডাক্টর গুস্তাভো ডুডামেল এবং নিউ ইয়র্কের স্থানীয় ‘পিএস ২২ কোরাস’ দল কোল্ডপ্লের সাথে ক্লাসিক্যাল ফিউশনে অংশ নেবে। ছোটদের প্রিয় ‘সেসামি স্ট্রিট’ (Sesame Street)-এর চরিত্রদেরও দেখা যাবে এই শো-তে।

টম ক্রুজ থেকে আইশোস্পিড— গ্যালারিতেও চাঁদের হাট
শুধু পারফর্মাররাই নন, ফাইনালের গ্ল্যামার বাড়াতে গ্যালারিতে উপস্থিত থাকছেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ, প্রখ্যাত গায়ক রবি উইলিয়ামস, নিকোল শেরজিঙ্গার, লরা পাউসিনি এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমার ‘আইশোস্পিড’ (IShowSpeed)। তবে তাঁরা ঠিক কী ভূমিকায় থাকবেন, তা এখনও গোপন রেখেছে ফিফা।

মহৎ উদ্দেশ্যেই এই মেগা কনসার্ট:
ফিফা জানিয়েছে, এই ঐতিহাসিক হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ মিলিয়ন ডলার (প্রায় ৮০০ কোটি টাকারও বেশি) তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে। সব মিলিয়ে, আগামী ১৯ জুলাইয়ের ফাইনাল কেবল ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ হতে চলেছে না, এটি হতে চলেছে বিনোদন দুনিয়ার সর্বকালের শ্রেষ্ঠ মহোৎসব!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *