বিদেশে বাসে বাঙালির ওপর চরম হেনস্থা! বাংলায় কথা বলা ও মন্দিরে প্রণাম করায় আক্রান্ত প্রবাসী মহিলা

বিদেশে কর্মক্ষেত্রে বা যাতায়াতের পথে প্রবাসী ভারতীয়দের ওপর হেনস্থার খবর মাঝেমধ্যেই সামনে আসে। এবার ইংল্যান্ডের বার্মিংহামের একটি বাসে এক বাঙালি মহিলার সঙ্গে এক বাংলাদেশী যুবকের চরম অভব্য আচরণের অভিযোগ উঠল। আক্রান্ত শিপ্রা রায় নামের ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার ভিডিও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছিল?
ভিডিওতে শিপ্রা রায় জানান, তিনি যখন বাসে তাঁর মায়ের সঙ্গে বাংলায় কথা বলছিলেন, তখনই ওই যুবক আচমকা তাঁর ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে। বাসের সামনে একটি মন্দির আসায় শিপ্রা রায় প্রথা অনুযায়ী প্রণাম করেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক। শিপ্রার অভিযোগ, প্রণাম করা মাত্রই যুবকটি তাঁকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে শুরু করে।

ওই যুবক চিৎকার করে বলতে থাকে, “তুমি কি ভারতীয়? তুমি কি মুসলিম নও? তাহলে কেন ঠাকুর প্রণাম করছ?” শিপ্রা যখন এর প্রতিবাদ করে বলেন যে, নিজের ধর্ম পালন করা তাঁর ব্যক্তিগত অধিকার, তখন যুবকটি আরও উগ্র হয়ে ওঠে এবং বলতে থাকে, “আই হেট ইন্ডিয়া, আই হেট ইন্ডিয়ানস।”

আইনি ব্যবস্থা নেওয়ার দাবি:
পাবলিক ট্রান্সপোর্টে বাসের মধ্যে এই ধরনের ‘অ্যান্টি-সোশ্যাল’ বা অসামাজিক আচরণের মুখে পড়ে শিপ্রা রায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের বর্ণবিদ্বেষমূলক আক্রমণের ঘটনা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন এবং অভিযোগ দায়ের করবেন।

ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, বিদেশে নিজের সংস্কৃতির চর্চা করা বা মন্দিরে প্রণাম জানানো যে কারও ব্যক্তিগত বিষয়। সেখানে দাঁড়িয়ে এই ধরনের আক্রমণ কেবল নিচ মানসিকতার পরিচয় নয়, বরং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। বার্মিংহামের মতো জায়গায় প্রবাসী বাঙালির ওপর এমন আক্রমণাত্মক আচরণকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *