ঐন্দ্রিলার মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে সব্যসাচী, ফের টিভির পর্দায় ফিরছেন অভিনেতা
ঐন্দ্রিলা শর্মা নেই! প্রতি মুহূর্তে তার অভাবে দিন কাটছে তার পরিবারের এবং প্রেমিক সব্যসাচীর।প্রেমিকার অকাল মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবার নিজেদের দুঃখ ভাগ করে নিয়েছেন প্রকাশ্যে, এমনকি প্রয়াত অভিনেত্রীর মা চিকিৎসকের ‘গাফলতি’র প্রসঙ্গও টেনেছেন। জানিয়েছেন, ২০২৩-র শুরুতেই নাকি বিয়ের পরিকল্পনা ছিল ঐন্দ্রিলা-সব্যসাচীর। কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব সব্যসাচী। কারো সঙ্গে কথা বলেননি তিনি।
কিন্তু এখন কেমন আছেন সব্যসাচী? জানা গিয়েছে, অভিনেতা এখন ভালো আছেন। শুধু তাই নয়, নতুন বছরে টিভির পর্দায় ফিরছেন বলেও খবর। গত ৩১শে ডিসেম্বর নিজের ক্যাফে ‘HODOL’S-এ দেখা মিলল সব্যসাচীর। বন্ধু সৌরভ দাস ও দিব্যপ্রকাশ রায়ের সঙ্গে গত পুজোতেই এই ক্যাফে খুলেছিলেন সব্যসাচী। সেই সময় সাথে ছিলেন প্রেমিকা ঐন্দ্রিলাও। যদিও এখন সেসব স্মৃতি। তবে এবার সব্যসাচীকে দেখা গেলো এক ঝলক।
মুখে গোঁফ-দাড়ি নেই, এক্কেবারে ক্লিন সেভড-পরনে ছাই ও কালো রঙা ফুল স্লিভস টি-শার্ট এবং জিনস। হাতে ছিল কফি কাপ। তিন বন্ধু মিলে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। যদিও ক্যামেরায় অল্প হাসার চেষ্টা করলেও মন থেকে যেন সেই হাসি বেরোচ্ছে না । শুধু তাই নয়, এদিন গিটার বাজিয়ে গান করতেও দেখা গিয়েছে অভিনেতা সৌরভ দাসকে ।