খাবার শেষেই মিষ্টির ক্রেভিং? খেজুর দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এই জাদুকরী ব্রিটিশ ডেজার্ট, স্বাদ ভুলবেন না!

দুপুরের ভারী খাওয়া-দাওয়া কিংবা রাতের ডিনার—শেষ পাতে মিষ্টি কিছু না হলে যেন বাঙালির খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। কেউ শেষ পাতে আইসক্রিম খোঁজেন, কেউ আবার সাধারণ পুডিং বা কেক। তবে এবার যদি সাধারণ ডেজার্টের স্বাদ বদলে একটু রাজকীয় ও ভিন্নধর্মী কিছু বানাতে চান, তবে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে ‘স্টিকি টফি পুডিং’।
খেজুর দিয়ে তৈরি নরম তুলতুলে কেক আর তার ওপর ছড়িয়ে থাকা ঘন ও মোলায়েম টফি সসের যুগলবন্দি—এই ঐতিহ্যবাহী ব্রিটিশ ডেজার্টটি ছোট-বড় সবারই মন কেড়ে নেবে নিমেষে। রেস্তোরাঁর এই দামি ও জটিল মনে হওয়া ডেজার্টটি ওভেন বা সাধারণ চুলাতেই কীভাবে সহজে বানিয়ে নেওয়া যায়, রইল তার জাদুকরী রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
মূল কেকের জন্য: বিচি ছাড়া নরম খেজুর ২ কাপ, ময়দা ১ কাপ, ফুটন্ত পানি দেড় কাপ, বেকিং সোডা ১ চা চামচ, মাখন ১ কাপ, ব্রাউন সুগার (লাল চিনি) ১ কাপ, ডিম ২টি, বেকিং পাউডার ২ চা চামচ, গুড় ২ টেবিল চামচ, জয়ফল গুঁড়া সামান্য এবং লবণ পরিমাণমতো।
টফি সসের জন্য: হেভি ক্রিম ১ কাপ, ব্রাউন সুগার, মাখন এবং ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।
সহজ প্রস্তুত প্রণালি:
ধাপ ১: খেজুরের পেস্ট তৈরি
প্রথমে একটি পাত্রে বিচি ফেলে রাখা খেজুর ও বেকিং সোডা নিন। এর ওপর ফুটন্ত গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। খেজুর নরম হয়ে এলে চামচ দিয়ে হালকা ম্যাশ করে নিন অথবা ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
ধাপ ২: ব্যাটার তৈরি
অন্য একটি বড় পাত্রে মাখন ও ব্রাউন সুগার একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে বা বিট করে নিন। এবার এতে একে একে ডিম ও গুড় মিশিয়ে দিন। ভালো করে মেশানো হলে ময়দা, বেকিং পাউডার, সামান্য জয়ফল গুঁড়া এবং আগে থেকে তৈরি করে রাখা খেজুরের পেস্টটি দিয়ে আলতো হাতে নেড়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিন।
ধাপ ৩: ওভেনে বেক করতে চাইলে
ওভেনটি ১৭৫°সি (৩৫০°এফ) তাপমাত্রায় প্রি-হিট করে নিন। এবার বেকিং প্যানে সামান্য মাখন ব্রাশ করে ব্যাটারটি ঢেলে দিন। ওভেনে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন। কেক হয়েছে কি না তা নিশ্চিত করতে একটি টুথপিক বা কাঠি কেকের মাঝে ঢুকিয়ে দেখুন; কাঠি পরিষ্কার বের হলে বুঝবেন কেক তৈরি।
ধাপ ৪: ওভেন ছাড়া সাধারণ চুলায় তৈরি করতে চাইলে
যে পাত্রে পুডিং তৈরি করবেন, তাতে হালকা মাখন ও ময়দা মাখিয়ে ব্যাটারটি ঢেলে দিন। এবার একটি বড় হাঁড়ির তলায় সামান্য বালু বা লবণ ছড়িয়ে দিয়ে মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিন। হাঁড়িটি ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট গরম (প্রি-হিট) করে নিন। এরপর স্ট্যান্ডের ওপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিন এবং হাঁড়ির মুখ ভালোভাবে ঢেকে একদম ধিমে আঁচে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করুন। কাঠি ঢুকিয়ে পরীক্ষা করে নামিয়ে নিন।
ধাপ ৫: মুখের স্বাদ বাড়াতে জাদুকরী ‘টফি সস’
একটি সসপ্যানে পরিমাণমতো মাখন, ব্রাউন সুগার ও হেভি ক্রিম একসঙ্গে নিয়ে মাঝারি আঁচে বসান। চিনি পুরোপুরি গলে হালকা ফুটে ওঠা পর্যন্ত ৩-৪ মিনিট ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে ঘন ও লোভনীয় টফি সস।
পরিবেশন করুন রাজকীয় স্টাইলে
কেকটি চুলা বা ওভেন থেকে বের করে গরম থাকা অবস্থাতেই একটি টুথপিক দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিন। এবার ওপর থেকে অর্ধেকটা গরম টফি সস ঢেলে দিন, যাতে সস কেকের ভেতরে ভালোভাবে শুষে যায়। বাকি টফি সসটি আলাদা পাত্রে রাখুন। গরম গরম এই স্টিকি টফি পুডিংয়ের ওপর এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম বা কাস্টার্ড দিয়ে পরিবেশন করুন। মুখে দিলেই স্বর্গীয় স্বাদ পাবেন আপনার অতিথি ও পরিবারের সদস্যরা!