অবশেষে স্বস্তি লালু প্রসাদের! সিবিআইয়ের বড় ঝটকা দিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দল (RJD) সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড়সড় স্বস্তি মিলল। ঝাড়খণ্ড হাইকোর্টের দেওয়া জামিনের রায়ের ওপর হস্তক্ষেপ করতে সাফ মানা করে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ফলে আপাতত জেলের বাইরেই থাকছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ, যা সিবিআই (CBI)-এর জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দরেস এবং বিচারপতি পি বি বরালের ডিভিশন বেঞ্চ ঝাড়খণ্ড হাইকোর্টের ২০১৯ সালের জুলাই মাসের আদেশের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) দায়ের করা আবেদনটি খারিজ করে দেয়। হাইকোর্ট সেই সময় লালু প্রসাদের সাজা স্থগিত করে তাঁকে জামিন দিয়েছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা হাইকোর্টের এই সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয়।
তবে জামিন বহাল রাখলেও সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড হাইকোর্টকে একটি বিশেষ নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, লালু প্রসাদের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে ঝুলে থাকা আপিল মামলার শুনানি যেন দ্রুত শেষ করা হয় এবং আগামী ৬ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করতে হবে।
কী এই মামলা?
দেবঘর ট্রেজারি (Deoghar Treasury) থেকে বেআইনিভাবে ৮৯.২৭ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছিল লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। এটি কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির (Fodder Scam) অন্যতম একটি অংশ। এই মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত লালু প্রসাদকে দোষী সাব্যস্ত করে সাড়ে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল।
পরবর্তীকালে, ২০১৯ সালের জুলাই মাসে ঝাড়খণ্ড হাইকোর্ট লক্ষ্য করে যে লালু প্রসাদ যাদব ইতিমধ্যেই তাঁর সাজা মেয়াদের অর্ধেক সময় জেলে কাটিয়ে ফেলেছেন। সেই ভিত্তিতেই তাঁর সাজা স্থগিত রেখে জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। আজ সুপ্রিম কোর্ট সেই জামিন বহাল রাখায় আপাতত বড়সড় স্বস্তিতে আরজেডি শিবির।