CBSE-এর বড় ঘোষণা: দশম শ্রেণির সার্টিফিকেট পেতে এবার বাধ্যতামূলক ‘তৃতীয় ভাষা’! জেনে নিন নতুন নিয়ম

জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। এবার থেকে সিবিএসই বোর্ড থেকে দশম শ্রেণির ফাইনাল সার্টিফিকেট পেতে হলে পড়ুয়াদের তৃতীয় ভাষা (Third Language) পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক করা হলো। সোমবার বোর্ড এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে।

পরীক্ষা কি দিতে হবে?
পড়ুয়াদের জন্য কিছুটা স্বস্তির বিষয় হলো, এই তৃতীয় ভাষার জন্য কোনো বোর্ড পরীক্ষা দিতে হবে না। স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নেই (Internal Assessment) পাশ করলেই চলবে। তবে মনে রাখবেন, এই অভ্যন্তরীণ মূল্যায়নে ব্যর্থ হলে কিন্তু মিলবে না দশম শ্রেণির পাশের সার্টিফিকেট।

কবে থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম?
বোর্ড জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে ভর্তি হবে, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রথম কার্যকর হবে। ফলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণিতে উঠবে, তাদের এই নিয়মের অধীনে পড়তে হবে। বর্তমান দশম শ্রেণির পরীক্ষার্থীদের ওপর এই নিয়মের কোনো প্রভাব পড়ছে না।

ফেল করলে কী হবে?
বোর্ড জানিয়েছে, দশম শ্রেণিতে তৃতীয় ভাষার অভ্যন্তরীণ মূল্যায়নে কোনো পড়ুয়া ফেল করলে স্কুল তাকে পুনর্মূল্যায়নের (Reassessment) সুযোগ দেবে। তবে সেই দ্বিতীয় সুযোগেও পাশ করতে না পারলে সার্টিফিকেট আটকে যাবে। অন্যদিকে, নবম শ্রেণিতে এই বিষয়ে ফেল করলেও দশম শ্রেণিতে ওঠার সুযোগ পাওয়া যাবে, তবে দশম শ্রেণিতে পড়ার মাঝেই নবম শ্রেণির বকেয়া পরীক্ষা ক্লিয়ার করতে হবে।

ষষ্ঠ শ্রেণি থেকেই ‘তিন ভাষা সূত্র’
উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকেই তিন ভাষা সূত্র চালু করছে সিবিএসই। নিয়ম অনুযায়ী:
১. প্রত্যেক পড়ুয়াকে তিনটি ভাষা পড়তে হবে।
২. এর মধ্যে অন্তত দুটি ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে।
৩. ইংরেজি ছাড়াও ফরাসি, জার্মান বা জাপানির মতো বিদেশি ভাষা পড়লে, অতিরিক্ত একটি ভারতীয় ভাষা বাধ্যতামূলকভাবে পড়তে হবে।

আইনি লড়াই ও অবস্থান
সিবিএসই-র এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। তবে কেন্দ্র সরকার হলফনামা দিয়ে স্পষ্ট জানিয়েছে, শিক্ষা সংবিধানের সমবর্তী তালিকাভুক্ত বিষয়, তাই এই নীতি বাস্তবায়নে তারা অনড়। শিক্ষাবিদদের মতে, এই পরিবর্তনের ফলে এখন থেকে তৃতীয় ভাষাকে আর ‘হালকা বিষয়’ হিসেবে দেখার সুযোগ নেই, মূল পরীক্ষার মতোই এতে সমান গুরুত্ব দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *