ফ্ল্যাটে ‘টাকার পাহাড়’! নিউটাউনে সাইবার প্রতারণার পর্দাফাঁস, বাজেয়াপ্ত ২ কোটির বেশি টাকা
July 14, 2026

নিউটাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করল পুলিশ। সাইবার প্রতারণার অভিযোগে এই ফ্ল্যাটে হানা দেয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার যৌথ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে চলছিল হাওয়ালার কারবার। তল্লাশিতে বিপুল নগদ টাকার পাশাপাশি টাকা গোনার মেশিন, চারটি গাড়ি ও একটি স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় এক মহিলা-সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পিছনে আরও বড় কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।