দূষণমুক্ত রেল সফর আর স্বপ্ন নয়! জিন্দ-সোনিপত রুটে কবে থেকে ছুটবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন?

ভারতবর্ষের রেল মানচিত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের শুভ উদ্বোধন করবেন। পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থার দিকে এটি ভারতের এক বিরাট পদক্ষেপ।
কোন পথে চলবে এই ট্রেন? হরিয়ানার জিন্দ (Jind) থেকে সোনিপত (Sonipat) পর্যন্ত মোট ৮৯ কিলোমিটার পথ পাড়ি দেবে এই অত্যাধুনিক হাইড্রোজেন ট্রেন। পাইলট প্রজেক্ট হিসেবে ট্রেনটি প্রতিদিন নির্দিষ্ট রুটে চলাচল করবে। এই রুটে থাকা ১২টি স্টেশনে ট্রেনটি থামবে।
-
ট্রেনের নম্বর: ৭৪-০১০ / ৭৪-০০৯।
-
স্টপসমূহ: জিন্দ সিটি, পান্ডু পিন্ডারা, ললিত খেরা, ভাম্ভেবা, ইসাপুর খেরি, ভুতানা, খান্দারাই, গোহানা, রাবরা, লাট, মোহনা এবং বারওয়াসনি।
-
ক্যাপাসিটি: ট্রেনটিতে ৬৮২টি বসার আসন রয়েছে, তবে মোট প্রায় ২,৬০০ যাত্রী ভ্রমণের সক্ষমতা রয়েছে এই হাইড্রোজেন ট্রেনটির।
প্রযুক্তি ও গতি: এই ট্রেনের ফুয়েল সেল প্রোপালসেন সিস্টেমে ১২০০ কিলোওয়াট-আওয়ার ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটি বিদ্যুৎ উৎপন্ন করে, যা ট্রেনের ইঞ্জিনকে শক্তি জোগায়। পরিবেশের কথা মাথায় রেখে এই ট্রেন থেকে কোনো ক্ষতিকারক ধোঁয়া নির্গত হয় না, বরং উপজাত হিসেবে শুধুমাত্র জলীয় বাষ্প তৈরি হয়। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হলেও, প্রযুক্তিগত ও ট্র্যাকে নিরাপত্তার খাতিরে প্রাথমিকভাবে এটি ৭৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে।
নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট: নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হয়নি। আন্তর্জাতিক মানদণ্ড মেনে হাইড্রোজেন স্টোরেজ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং জরুরি প্রোটোকলগুলো নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। জার্মানিতে প্রথম এই প্রযুক্তির সফল প্রয়োগের পর জাপান, চিন, আমেরিকা ও ইতালির মতো দেশগুলোও হাইড্রোজেন ট্রেনের পথে হাঁটছে। ভারতও এখন সেই তালিকায় গর্বের সাথে নাম লেখাল।
বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে এটি হরিয়ানার রুটে চললেও, ভবিষ্যতে ভারতের অন্যান্য নন-ইলেক্ট্রিফায়েড রুটেও এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে রেলমন্ত্রকের।