হার্মাদ-তোলাবাজদের দিন শেষ! বাংলায় আজ থেকেই লাগু কড়া ‘গুন্ডাদমন আইন’, কী কী করলে সোজা জেল?

বাংলায় সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং গুন্ডামির দাপট রুখতে এবার কোমর বেঁধে নামল নতুন সরকার। অবশেষে রাজ্যপালের অনুমোদনের পর রাজ্যজুড়ে কার্যকর হয়ে গেল বহুচর্চিত ‘গুন্ডাদমন বিল’ তথা West Bengal Public Safety and Control of Anti-social Activities Bill, 2026। সোমবার এই আইনের প্রয়োজনীয়তা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন বিজেপির তিন রাজ্যসভা প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন:
“এই আইনটার খুব দরকার ছিল, এটা সময়ের ডাক। রাজ্যে ৩৪ বছর কমিউনিস্ট হার্মাদদের সরকার ছিল, তারপর ১৫ বছর ছিল তৃণমূলী গুন্ডাদের সরকার। তাদের জব্দ করার জন্যই এই আইনের খুব প্রয়োজন ছিল। আমরা বিধানসভায় আইন পাস করিয়েছি, রাজ্যপালও এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।”
মুখ্যমন্ত্রী সাফ জানান, পূর্বতন সরকারের আমলে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও গুন্ডামি যে চরম মাত্রায় পৌঁছেছিল, তা ঠান্ডা করতেই এই কড়া পদক্ষেপ।
কী আছে এই নতুন আইনে? কোন কোন কাজ ‘সমাজবিরোধী’?
নতুন এই আইন অনুযায়ী, সাধারণ মানুষের মনে ভয়, আতঙ্ক বা নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে এমন যে কোনও কাজকেই ‘সমাজবিরোধী কার্যকলাপ’ (Anti-social Activity) হিসেবে গণ্য করা হবে।
আইনের আওতায় যে সমস্ত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে:
জনশৃঙ্খলা ও জনশান্তি বিঘ্নিত করা।
মানুষের জীবন বা সম্পত্তির ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি করা।
যে কোনও বৈধ ব্যবসা-বাণিজ্য বা পেশা পরিচালনায় জোরপূর্বক বাধা সৃষ্টি করা।
বেআইনিভাবে কারও স্থাবর-অস্থাবর জমি বা সম্পত্তি দখল।
সরকারি কিংবা বেসরকারি সম্পত্তির বড়সড় ক্ষতিসাধন করা।
অবৈধ খনি খাদান, বেআইনি বালি ও পাথর উত্তোলন এবং বনজ সম্পদ বা বন্যপ্রাণ সংক্রান্ত অপরাধ।
রাজনৈতিক মহলের মতে, এই নতুন গুন্ডাদমন আইন কার্যকর হওয়ার ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। অসামাজিক কার্যকলাপ ও মাফিয়ারাজ রুখতে প্রশাসন এবার আরও বেশি আইনি ক্ষমতা হাতে পেয়ে গেল।