রাজনীতির ঝালমুড়ি এবার গানে! রেকর্ডিং স্টুডিওতে মাইক্রোফোন হাতে দাপুটে দিলীপ ঘোষ

রাজনৈতিক মঞ্চে তাঁর চাঁচাছোলা মন্তব্যের জন্য তিনি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। কিন্তু সোমবার সকালে দিলীপ ঘোষকে দেখা গেল এক্কেবারে অন্য মেজাজে। রাজনীতির ব্যস্ততা সরিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবার পা রাখলেন গানের জগতে! খোদ ‘ঝালমুড়ি’ নিয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিলেন তিনি।
কেন এই ‘ঝালমুড়ি’ গান?
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। পরে খোদ প্রধানমন্ত্রীও বলেছিলেন, “আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।” এমনকি এনডিএ-র বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে ঝালমুড়ি খাওয়ার ভিডিও-ও ভাইরাল হয়েছিল। ঝালমুড়ি যখন রাজনীতির অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে, ঠিক তখনই তাকে উপজীব্য করে গান বাঁধলেন শিল্পী লোকেশ গিরি ও রিমাশ্রী। আর সেই গানেই অংশ নিলেন দিলীপ ঘোষ।
রেকর্ডিং স্টুডিওর অন্দরমহল:
সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সোজা চিনার পার্কের কাছে একটি স্টুডিওতে হাজির হন মন্ত্রী। সেখানে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি গানটির রেকর্ডিং সম্পন্ন করেন। গানের কথাতেও রয়েছে এলাহি কাণ্ড— ‘আম আচারে টক’, ‘ট্রেনে ঝালমুড়ি’, কিংবা ‘চামচে নাড়ানাড়ি’র মতো মজাদার শব্দবন্ধ। গানটির পাঞ্চলাইনগুলোও বেশ নজরকাড়া।
প্রথমবার মাইক্রোফোনের সামনে:
রাজনীতির ময়দানে দাপুটে নেতা হলেও, এই প্রথমবার মাইক্রোফোনের সামনে গান গাইতে দেখা গেল দিলীপ ঘোষকে। স্টুডিও থেকে বেরিয়ে তিনি জানান, গানের এই নতুন অভিজ্ঞতায় তিনি বেশ খুশি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর এই নতুন রূপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।