শুক্রবার আর ছুটি নয় মাদ্রাসায়, ছুটির দিন বদল নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি

ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থায় একের পর এক পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই ধারাবাহিকতায় এবার রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির নিয়মে বড় বদল আনা হল। এখন থেকে শুক্রবারের পরিবর্তে রবিবারই সাপ্তাহিক ছুটি থাকবে মাদ্রাসাগুলিতে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

এতদিন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি মাদ্রাসায় শুক্রবার সাপ্তাহিক ছুটি দেওয়া হতো। তবে নতুন নিয়মে সেই প্রথায় বদল এনে শুক্রবারের বদলে রবিবার মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর, শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ওই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত সমস্ত মাদ্রাসাকে সরকারি নিয়ম ও শিক্ষা ক্যালেন্ডার মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

কী বলা হয়েছে নির্দেশে? পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশ অবিলম্বে চালু করার কথা জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত নিয়মিত ক্লাস এবং প্রশাসনিক কাজকর্ম চালু রাখতে হবে মাদ্রাসাগুলিতে। সাপ্তাহিক ছুটি থাকবে রবিবার।

তবে নির্ধারিত ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির দিনগুলি এই নির্দেশের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

আগে রাজ্যের একাধিক মাদ্রাসায় ছুটির ধরন ছিল ভিন্ন; জুম্মার নমাজের কারণে শুক্রবার ছুটি থাকত এবং রবিবার খোলা থাকত। নতুন নির্দেশে সেই নিয়ম বাতিল করে রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই রবিবার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সংস্কারের পথে হাঁটছে রাজ্য সরকার। সম্প্রতি স্কুলের ফি, পোশাক এবং পাঠ্যসূচিতেও নানা বদল আনা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে নথিপত্রে অসঙ্গতি, পরিকাঠামোর ঘাটতি, শিক্ষক-পড়ুয়া অনুপাতের সমস্যা এবং অর্থের উৎসে অনিয়মের অভিযোগে রাজ্যের ২২টি জেলার একাধিক অস্বীকৃত মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। এবার ছুটির দিন নিয়ে নতুন নিয়ম চালু করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *