মোবাইলে ট্রেনের টিকিট কাটছেন? লোকাল ট্রেনের টিকিটে কড়াকড়ি! জানুন নিয়ম

ট্রেন যাত্রার নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল। এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কাটা আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে ডিজিটাল নিয়মাবলী না মানলে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। টিকিটের অপব্যবহার ও জালিয়াতি রুখতে রেল কর্তৃপক্ষ ডিজিটাল টিকিট ব্যবহারের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে।
কী কী নিয়ম মানতে হবে? রেল কর্তৃপক্ষের নতুন নির্দেশিকা অনুযায়ী, যাত্রীদের এবার থেকে নিচের বিষয়গুলো মাথায় রাখতে হবে:
-
মূল টিকিটই প্রধান: অ্যাপে বুক করা মূল ডিজিটাল টিকিটই একমাত্র বৈধ। কোনোভাবেই টিকিটের স্ক্রিনশট, মোবাইলে সংরক্ষিত ছবি, পিডিএফ কপি বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা ছবি ভ্রমণের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না।
-
যে ফোনে বুকিং, সেই ফোনেই প্রদর্শন: যে মোবাইল ফোন থেকে টিকিট কাটা হয়েছে, যাত্রার সময় সেই ফোনেই টিকিটটি দেখাতে হবে।
-
পরিচয়পত্র বাধ্যতামূলক: মোবাইলে টিকিটের পাশাপাশি যাত্রীকে অবশ্যই একটি বৈধ ফটো আইডেন্টিটি কার্ড (যেমন- আধার কার্ড, ভোটার কার্ড) সঙ্গে রাখতে হবে।
-
সময়ের কড়াকড়ি: ট্রেন ছাড়ার আগেই টিকিট কাটতে হবে। কোনো যাত্রী যে স্টেশন থেকে ট্রেনে উঠছেন, সেই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর টিকিট কাটলে তা আর বৈধ বলে গণ্য হবে না।
কেন এই কড়া সিদ্ধান্ত? সম্প্রতি এক যাত্রী মূল ডিজিটাল টিকিটের বদলে হোয়াটসঅ্যাপে পাওয়া স্ক্রিনশট দেখিয়ে জরিমানার মুখে পড়েন। এই ধরনের বিভ্রান্তি এড়াতে ও জালিয়াতি রুখতে রেল এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপের টিকিট নিয়ে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
যাত্রীদের মনে ধন্দ: পরিবারের সদস্যদের জন্য একজন সদস্য যখন নিজের মোবাইল থেকে টিকিট কাটেন, সেই ক্ষেত্রে এই নতুন নিয়ম কীভাবে কার্যকর হবে, তা নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে রেল কর্তৃপক্ষের দাবি, পুরো ব্যবস্থাকে স্বচ্ছ ও নিরাপদ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচতে এবং অহেতুক জরিমানা এড়াতে ট্রেন ভ্রমণের আগে এই নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকার পরামর্শ দিচ্ছে রেল প্রশাসন।