জিমে ঢুকে মালিককে গুলি করে হত্যা, উধাও সিসিটিভির ফুটেজও
ভারতের পশ্চিম দিল্লির প্রিরিট বিহারে জিমে ঢুকে মালিককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার এ ঘটনা ঘটে।
মালিককে গুলি করে হত্যার পর সিসিটিভির ফুটেজও ছিনিয়ে নেয়া হয়। এতে হত্যার তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি।
গুলিতে নিহত ঐ ব্যক্তির নাম মাহেন্দ্র আগারওয়াল। তার জিমসহ একটি স্পা সেন্টার ছিল।
এছাড়া তিনি জিমের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করতেন। মাহেন্দ্র আগারওয়াল সকাল ৮টার দিকে তার কোম্পানির হেডকোয়ার্টারে থাকার সময় তিনজন অস্ত্রধারী লোক ভেতরে প্রবেশ করে তার ওপর গুলি চালায়। এতে মাথায় গুলি গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অস্ত্রধারীরা গুলি করে অফিস থেকে বের হয়ে যাওয়ার পথে সিসিটিভির ফুটেজও নিয়ে যায়। এদিকে ঘটনার রহস্য উদঘাটনে অন্য স্থানের সিসিটিভি ফুটেজ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার রহস্য উদঘাটনে আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে। তাদের ধারণা তার কোনো পূর্ব শত্রু ছিল।