Rail One অ্যাপে টিকিট কেটেছেন? এই ভুল করলেই পকেটে টান, রেলের কড়া নির্দেশিকা

ট্রেন ভ্রমণের ক্ষেত্রে ডিজিটাল আনরিজার্ভড (Unreserved) টিকিট নিয়ে ভ্রমণকারী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘Rail One’ অ্যাপে বুক করা টিকিট যাচাইয়ের সময় শুধুমাত্র ওই অ্যাপে থাকা অরিজিনাল ডিজিটাল টিকিটই একমাত্র বৈধ হিসেবে গণ্য হবে।
কোন টিকিট বৈধ নয়?
রেলের তরফে সাফ জানানো হয়েছে, ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে—
কোনো টিকিটের স্ক্রিনশট বা ছবি।
কোনো PDF কপি।
WhatsApp-এ ফরওয়ার্ড করা কোনো টিকিট—কোনোটিই বৈধ হিসেবে গ্রহণযোগ্য হবে না।
রেলের নতুন কড়াকড়ি:
সম্প্রতি কোরবা-ভিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেসে এক মহিলা যাত্রী টিকিট পরীক্ষককে WhatsApp-এ পাঠানো টিকিটের স্ক্রিনশট দেখিয়ে বিপাকে পড়েন। তদন্তে দেখা যায়, ট্রেন স্টেশন ছাড়ার পর ওই টিকিট বুক করা হয়েছিল। ফলে সেটিকে অবৈধ ঘোষণা করে মোটা অঙ্কের জরিমানা করা হয়। এই ঘটনার পর থেকেই রেল কর্তৃপক্ষ নিয়ম আরও কঠোর করেছে।
যাত্রীদের জন্য জরুরি পরামর্শ:
রেল স্পষ্ট করেছে যে, ডিজিটাল আনরিজার্ভড টিকিট অবশ্যই ট্রেন ছাড়ার আগে বুক করতে হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর টিকিট বুক করলে তা অ্যাপে দেখা গেলেও বৈধ হবে না। যাত্রীদের সুবিধার্থে রেলের পরামর্শ:
১. যে মোবাইল ফোন ও নিবন্ধিত নম্বর দিয়ে টিকিট বুক করা হয়েছে, সেটিই যাত্রার সময় সাথে রাখুন।
২. ফোনে পর্যাপ্ত চার্জ আছে কি না নিশ্চিত করুন।
৩. স্ক্রিনশট বা অন্য কোনো কপিকে আসল টিকিটের বিকল্প ভাববেন না।
রায়পুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অবধেশ কুমার ত্রিবেদী জানিয়েছেন, এই নিয়ম শুধুমাত্র ‘Rail One’ অ্যাপের মাধ্যমে বুক করা আনরিজার্ভড টিকিটের জন্য প্রযোজ্য। যাত্রীরা নিয়ম না মানলে জরিমানার মুখে পড়তে পারেন, তাই ডিজিটাল টিকিট ব্যবহারের সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে ভারতীয় রেল।