মৃত্যুঝুঁকি নিয়ে সিলিন্ডার কুড়োচ্ছেন গ্রামবাসী! বিস্ফোরণের আশঙ্কায় কাঁপছে প্রশাসন

মহারাষ্ট্রের রায়গড়ে মুষলধারে বৃষ্টির জেরে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। পানভেলের পাটাগঙ্গা এলাকায় হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর বটলিং প্ল্যান্টে হঠাৎ জল ঢুকে পড়ায় ভেসে গিয়েছে প্রায় ৩,০০০ এলপিজি (LPG) সিলিন্ডার। ভরা ও খালি—উভয় ধরনের সিলিন্ডার নদীর জলের তোড়ে ভেসে যাওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জলের স্রোতে লাল রঙের গ্যাস সিলিন্ডারগুলি ভেসে যাচ্ছে। এই ঘটনা প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। জেলা কালেক্টর সতর্কবার্তা জারি করে বলেছেন, জলের তোড়ে সিলিন্ডারের ভালভ বা নোজল ক্ষতিগ্রস্ত হতে পারে, যা থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা গ্যাস লিকের আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে এই সিলিন্ডারগুলির আশেপাশে না যেতে বা সেগুলিকে বাড়িতে না নিয়ে আসতে।

প্রশাসন এবং এনডিআরএফ (NDRF) টিম দ্রুত সিলিন্ডারগুলি উদ্ধারের কাজ শুরু করেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, প্রাণ তুচ্ছ করে স্থানীয় কিছু মানুষ এই সিলিন্ডারগুলি সংগ্রহ করার চেষ্টা করছেন, যা তাদের জীবন সংকটে ফেলতে পারে। আবহাওয়া দপ্তর মহারাষ্ট্রের একাধিক জেলায় রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে অনুরোধ করেছে যে, কোথাও সিলিন্ডার পড়ে থাকতে দেখলে অবিলম্বে পুলিশ বা কন্ট্রোল রুমে খবর দেওয়ার জন্য। উদ্ধারকারী দল কাজ শুরু করলেও, ভারী বৃষ্টির কারণে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *