NEET-UG নিয়ে ‘মেগা’ ঘোষণা! খাতা-কলমের যুগ শেষ, এবার অনলাইনে হবে পরীক্ষা

NEET-UG পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আগামী ২০২৭ সাল থেকে NEET-UG পরীক্ষার পদ্ধতিতে একগুচ্ছ বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে। শিক্ষা মন্ত্রক এবং কে. রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুযায়ী, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি কমাতে এই ‘মেগা-সংস্কার’ আনা হচ্ছে।

কী কী বড় পরিবর্তন আসছে?

১. পরীক্ষা চলবে ৬ দিন: এতদিন ২২-২৩ লক্ষ পরীক্ষার্থী একই দিনে পরীক্ষা দিত। ২০২৭ সাল থেকে তা বদলে যাচ্ছে। পরীক্ষা আর একদিনে শেষ হবে না, বরং পাঁচ থেকে ছয় দিন ধরে চলবে। প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ করে পরীক্ষার্থী বিভিন্ন শিফটে পরীক্ষায় অংশ নেবেন।

২. অনলাইন পরীক্ষা (CBT): খাতা-কলম ও ওএমআর (OMR) শিটের যুগ শেষ হতে চলেছে। এবার থেকে পরীক্ষা হবে কম্পিউটার-ভিত্তিক (Computer Based Test)। এতে প্রশ্নপত্র ‘ডিজিটালি লক’ থাকবে, ফলে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা প্রায় শূন্যে নেমে আসবে।

৩. সরকারি কেন্দ্রেই পরীক্ষা: অনিয়ম রুখতে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৫,০০০ থেকে কমিয়ে ১,০০০ করা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের মতো সরকারি ও বিশ্বস্ত প্রতিষ্ঠানেই এবার থেকে NEET নেওয়া হবে।

৪. নরম্যালাইজেশন (Normalization) পদ্ধতি: একাধিক শিফটে পরীক্ষা হলে প্রশ্নের কাঠিন্য নিয়ে অনেকের প্রশ্ন থাকে। সেই সমস্যার সমাধানে JEE Main-এর ধাঁচে ‘নরম্যালাইজেশন প্রক্রিয়া’ চালু করা হবে। এর ফলে পরীক্ষার্থীদের সরাসরি প্রাপ্ত নম্বরের বদলে তাদের শিফটের পারফরম্যান্স বা পার্সেন্টাইলের ওপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে।

সিলেবাস কি বদলাচ্ছে? পরীক্ষার্থীদের আশ্বস্ত করে জানানো হয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের সিলেবাসে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ পড়ার বিষয় একই থাকছে, কেবল পরীক্ষা দেওয়ার মাধ্যমে আসছে এই বড়সড় পরিবর্তন।

ISRO-র প্রাক্তন প্রধান কে. রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মেনে ২০২৬ সালের অক্টোবরের মধ্যেই NTA-এর সম্পূর্ণ সিস্টেম ঢেলে সাজানোর লক্ষ্য নিয়েছে সরকার। তাই এখন থেকেই ডিজিটাল মাধ্যমে মক টেস্ট বা কম্পিউটারে পরীক্ষা দেওয়ার অভ্যেস শুরু করাটা পরীক্ষার্থীদের জন্য বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *