‘পুরনো কথা মনে পড়ে যাচ্ছে!’ তৃণমূলকে মিছিলের অনুমতি দিয়ে হাইকোর্টের বিচারপতি মনে করালেন শুভেন্দু-স্মৃতি

দক্ষিণ কলকাতায় মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই মামলার শুনানিতেই শাসকদলকে তাদের পুরনো দিনের কথা মনে করালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি বিচারপতির এমন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
কী পর্যবেক্ষণ বিচারপতির? সম্প্রতি দক্ষিণ কলকাতার শরৎ বোস রোড থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত একটি মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তৃণমূলকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন। তবে অনুমতি দেওয়ার সময় বিচারপতি স্মৃতির পাতা উল্টে বলেন, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোচবিহারে একটি মিছিল করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী (শুভেন্দু অধিকারী) যখন বিরোধী দলে ছিলেন, তখন তাঁকেও একইভাবে মিছিলের অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল।”
বিচারপতির এই মন্তব্য কার্যত বর্তমান শাসকদলকে তাঁদের বিরোধী রাজনীতিতে থাকাকালীন পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিল।
শর্তসাপেক্ষে অনুমতি আদালত সূত্রে খবর, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে রাজ্য সরকার শহরজুড়ে মিটিং-মিছিল করার ক্ষেত্রে শনি ও রবিবারকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছে। এজি রাজদীপ মজুমদার জানান, জনগণের সুবিধার্থেই রাজ্য সরকার এই দিনগুলিতে মিছিল করার পক্ষপাতী। সেই যুক্তি ও সামগ্রিক পরিস্থিতি বিচার করেই তৃণমূলকে নির্দিষ্ট শর্ত মেনে মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি।
রাজনৈতিক চর্চা তুঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতির এই পর্যবেক্ষণকে কেন্দ্র করে বিরোধী শিবিরে উত্তাপ বাড়ছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকাকালীন যেভাবে মিছিল-সমাবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে চায়, তা নিয়ে আদালতের এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।