“১২ ঘণ্টা সেটে, অথচ…?”- শাহরুখের সঙ্গে কাজ করে মুগ্ধ খরাজ মুখোপাধ্যায়

সম্প্রতি মুম্বই থেকে শুটিং শেষ করে শহরে ফিরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বলিউডের একাধিক ছবিতে কাজ করলেও, এবারের অভিজ্ঞাটা তাঁর কাছে বিশেষ। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে প্রথমবারের মতো শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা যাবে খরাজকে। শুটিং শেষে কিং খানের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোই এখন খরাজের কণ্ঠে।

শুটিং সেটের ‘কিং’ শাহরুখ শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খরাজ জানালেন, তিনি ছবিটিকে খুব বড় করে না দেখলেও শাহরুখের সান্নিধ্যে কাজ করার সুযোগকে হাতছাড়া করতে চাননি। অভিনেতার কথায়, “আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছি। শাহরুখের সঙ্গে শট ছিল, সঙ্গে ছিল সুহানাও।” সেট থেকে শাহরুখের ১২ ঘণ্টার কাজের অভ্যাসের কথা বলতে গিয়ে খরাজ জানান, দুপুর ২টো থেকে রাত ২টো পর্যন্ত শুটিং চলত এবং এই পুরো সময়টা শাহরুখ একবারের জন্যও সেট ছেড়ে নড়তেন না।

শাহরুখের ব্যক্তিত্ব নিয়ে খরাজ আরও বলেন, “ওকে কখনো জোরে কথা বলতে শুনিনি। খুবই শান্ত মানুষ। কাজের বাইরে ফালতু কথা বলেন না। সুহানা যেন কোনো ভুল না করে, শটের ফাঁকে বার বার মেয়েকে বুঝিয়ে দিচ্ছিলেন।”

খাবার পাতে কী থাকে শাহরুখের? ৬০ বছরেও শাহরুখের ঈর্ষণীয় ফিটনেসের রহস্য নিয়ে খরাজের পর্যবেক্ষণ, “উনি খুবই কম খান। দু পিস চিকেন আর রুটির মতো কিছু একটা খেয়েই কাটিয়ে দেন। রাতের বেলাতেও প্রায় একই ডায়েট। খাওয়া-দাওয়া কার্যত করেনই না।”

ছবি কেন তুললেন না খরাজ? সেটে শাহরুখের সঙ্গে কাজ করেও সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করেননি খরাজ। এর কারণ হিসেবে তিনি জানান, শাহরুখ তখন ছবির লুকে ছিলেন, ফলে সেটে ছবি তোলা নিয়মবিরুদ্ধ ছিল। বরং তিনি শাহরুখের কাছে অটোগ্রাফ চেয়েছেন। খরাজের কথায়, “উনি আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আমি ওঁকে বলেছিলাম, আবার কাজ করার সুযোগ পেলে খুশি হব। শুনে উনি শুধু হাসলেন।”

সেটে দীপিকা পাড়ুকোনের সঙ্গেও দেখা হয়েছে খরাজের। আগে ‘লাফাঙ্গে পরিন্দে’ ছবিতে দীপিকার সঙ্গে কাজ করা খরাজ জানিয়েছেন, এই ছবিতে একসঙ্গে কোনো দৃশ্য না থাকলেও দীর্ঘক্ষণ দীপিকার সঙ্গে গল্প করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *