স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা! অভিযুক্তকে বিহার থেকে পাকড়াও করল মালদা পুলিশ

বাড়িতে ডেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রবিবার বিকেলে মালদার ইংরেজবাজার ব্লকে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্যাতিতা নাবালিকা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কী ঘটেছিল? পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে বাড়ির লোকজন না থাকার সুযোগ নিয়ে ওই যুবক নাবালিকাকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানে নিয়ে গিয়েই তাকে যৌন নির্যাতন করা হয়। পরে নাবালিকাকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
তৎপর পুলিশ: নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানায় ‘পকসো’ (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে জেলা পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে, অপরাধ করার পরই অভিযুক্ত গা-ঢাকা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য ছেড়ে পালিয়েছে।
বিহার থেকে গ্রেফতার: তদন্তকারী দল টেকনিক্যাল সার্ভিলেন্স ব্যবহার করে জানতে পারে, অভিযুক্ত বিহারের পূর্ণিয়ায় লুকিয়ে রয়েছে। এরপরই মালদা জেলা পুলিশের একটি বিশেষ দল রাতেই বিহারে রওনা দেয়। অবশেষে সোমবার অভিযুক্তকে পাকড়াও করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মাকসুদ হাসান জানান, ধৃতকে গ্রেফতার করে মালদায় ফিরিয়ে আনা হয়েছে এবং আজ তাকে আদালতে পেশ করে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী।